প্রায় ৮০ বছরের পুরোনো চারটি এবং নতুন দুটি জাহাজ নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ৩০ আগস্ট থেকে ঈদের বিশেষ সেবা শুরু করবে। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ সেবা চালু থাকবে। এই সময় ঢাকা-চাঁদপুর, বরিশাল-মোরেলগঞ্জ পর্যন্ত চলাচল করবে জাহাজগুলো।
পুরোনো চারটির মধ্যে পিএস অস্ট্রিচ, পিএস লেপচা, পিএস মাসুদ এবং পিএস টার্ন মেরামত করে চালানো হচ্ছে। এর সঙ্গে এমভি বাঙালি ও এমভি মধুমতি নতুন দুটি জাহাজ চলাচল করবে।
বিআইডব্লিউটিসি বরিশাল কার্যালয় থেকে জানা যায়, ১৯৩৫ সালে ঢাকা-বরিশাল নৌপথে পিএস অস্ট্রিচ নামে সরকারি জাহাজ দিয়ে যাত্রীসেবা শুরু করে। ৯০০ যাত্রী ধারণক্ষমতার অস্ট্রিচ জাহাজটি ৮২ বছর ধরে জোড়াতালি দিয়ে যাত্রীসেবায় ব্যবহার করা হচ্ছে।
এবার ঈদে বিশেষ সেবায় বিআইডব্লিউটিসির ৬ জাহাজের মধ্যে এটিও একটি। প্রতিদিন ২ হাজার ৫০০ যাত্রী পরিবহন করবে জাহাজটি। পিএস অস্ট্রিচের সঙ্গে থাকা অন্য ৩ জাহাজ পিএস লেপচা, পিএস মাসুদ এবং পিএস টার্নও প্রায় ৮০ বছর আগে যাত্রী পরিবহন শুরু করে। এই তিন জাহাজের ধারণক্ষমতা পিএস টার্ন ৫৫০ জন, পিএস লেপচা ৬০০ জন এবং পিএস মাসুদ ৮৫০ জন। চারটি জাহাজই অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করবে। এগুলোর মধ্যে পিএস মাসুদের প্যাডেল ভেঙে বিকল হয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকবার যাত্রা বাতিল করে লেপচা ও অস্ট্রিচ। বিকল অবস্থায় নারায়ণগঞ্জের ডকে ছিল। মেরামত করে যাত্রীসেবায় নামানো হয়েছে। এগুলো দিয়েই ঈদে বিশেষ সেবা চালাবে বিআইডব্লিউটিসি। তবে প্রকৌশল বিভাগের দাবি এই জাহাজ দিয়ে স্বাভাবিক যাত্রীসেবা দেওয়াই অনেকটা ঝুঁকিপূর্ণ।
বিআইডব্লিউটিসি বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল হক বলেন, নিয়ম অনুযায়ী একটি জাহাজের স্থায়িত্বকাল সাধারণত ৩০ বছর পর্যন্ত থাকে। তারপরও সংস্কার করে আরও ২০-২৫ বছর চালানো যায়। কিন্তু বিআইডব্লিউটিসির ৪টি জাহাজের বয়স হয়েছে ৮০ বছরের বেশি। সেগুলো মেরামত করে যাত্রীসেবায় রাখা হয়েছে। এই জাহাজগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা ঝুঁকিপূর্ণ। কিন্তু ঈদের বিশেষ সেবায় থাকা জাহাজে অতিরিক্ত যাত্রী বোঝাই হয়েই থাকে। তাই কিছুটা শঙ্কার মধ্যেই বিশেষ সেবা চালু থাকবে।
বিআইডব্লিউটিসি বরিশাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ বলেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রীসেবায় বিআইডব্লিউটিসি বিশেষ সেবা চালুর উদ্যোগ নিয়েছে। ৩০ আগস্ট থেকে শুরু হওয়া বিশেষ সেবা ৪ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। চারটি পুরোনো জাহাজ ছাড়াও দুটি নতুন জাহাজ বিশেষ সেবায় প্রস্তুত আছে। এই সময় ঢাকা-চাঁদপুর বরিশাল ছাড়াও ঝালকাঠি, পিরোজপুর, হুলারহাট ও মোরেলগঞ্জ পর্যন্ত চলাচল করবে। ইতিমধ্যে বিশেষ সেবার টিকিট ৫০ ভাগ অনলাইনে দেওয়া হয়েছে। বিশেষ সেবায় বরিশালের সঙ্গে ভোলার ইলিশা, মনপুরা, মজুচৌধুরী হাট রুটে ৫টি সি-ট্রাক চলাচল করবে।