ঈদের বিশেষ সেবা ২৯ জুন থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ২৯ জুন থেকে ঈদের বিশেষ সেবা চালু করবে। ১০ জুলাই পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে। অন্যদিকে বেসরকারি লঞ্চ মালিক সমিতি ২ জুলাই থেকে বিশেষ সেবা চালু করবে।
বিআইডব্লিউটিসির জনসংযোগ বিভাগ জানায়, ঈদ উপলক্ষে এ বছর ঢাকা-বরিশাল নৌপথে সাতটি জাহাজ দিয়ে নিয়মিত ও বিশেষ সেবা দেওয়া হবে। বিশেষ সেবায় থাকবে এমভি মধুমতি, এমভি বাঙালি, পিএস মাহসুদ, পিএস অস্ট্রিস, পিএস লেপচা, পিএস টার্ন, এমভি শেলা। এগুলোর মধ্যে এমভি মধুমতি ও এমভি বাঙালি ঢাকা-বরিশাল সরাসরি সেবায় থাকবে। বাকি চারটি ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ পর্যন্ত যাত্রী পরিবহন করবে। এমভি শেলা ঢাকা-চাঁদপুরে যাত্রী পরিবহন করবে। জরুরি প্রয়োজনে এমভি সোনারগাঁকে অপেক্ষায় রাখা হবে।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের দুর্ভোগ কমাতে নিয়মিত সেবার পাশাপাশি বিশেষ সেবায় জাহাজ রাখা হয়েছে। ২৯ জুন থেকে শুরু হওয়া বিশেষ ওই সেবা আগামী ১০ জুলাই পর্যন্ত চালু থাকবে। ঈদের দিনও সব সার্ভিস চালু থাকবে।’
এদিকে বেসরকারি লঞ্চ মালিক সমিতি জানায়, ঢাকা-বরিশাল নৌপথে নিয়মিত পাঁচ-ছয়টি বিলাসবহুল লঞ্চ যাত্রী পরিবহন করছে। কিন্তু ঈদ উপলক্ষে বরিশাল-ঢাকা নৌপথে সুরভী, সুন্দরবন, পারাবত, কীর্তনখোলা, টিপু, ফারহান, দীপরাজ কোম্পানির ১৭টি বিলাসবহুল লঞ্চ সরাসরি যাত্রী পরিবহন করবে। ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলা শহরে সরাসরি আরও ছয়টি লঞ্চ চলবে। এর বাইরে অনেক লঞ্চ আছে, যেগুলো ঢাকা-চাঁদপুর হয়ে বিভিন্ন রুটে চলাচল করবে। সব লঞ্চ আগামী ২ জুলাই থেকে বিশেষ সার্ভিসে থাকবে। এগুলো ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালে এসে আবার ঢাকায় ফিরে যাবে। দিনে দুবার যাত্রী পরিবহন করবে। ফলে ঈদে দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষের দুর্ভোগ থাকবে না।
বরিশাল লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি এবং বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ঈদের ঘরমুখী যাত্রীদের জন্য সব ব্যবস্থা করে রেখেছি। এ বছর বরিশাল-ঢাকা রুটে যাত্রীদের কোনো সমস্যা হবে না। ১৭টি বিলাসবহুল লঞ্চ প্রতিদিন চলাচল করবে। একই সঙ্গে ২ জুলাই থেকে লঞ্চগুলো বিশেষ সেবা (ডাবল ট্রিপ) দেবে। এর সঙ্গে সরকারি জাহাজ, দিবা সার্ভিস, সড়কপথ ও আকাশপথ চালু থাকায় যাত্রীরা নির্বিঘ্নে বাড়িতে আসতে পারবেন।’