ঈদের বোনাস না পেয়ে আজিজ পাইপসের কর্মচারীদের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের বোনাস ও বেতন না পেয়ে অসন্তোষ বিরাজ করছে ফরিদপুরের আজিজ পাইপস লিমিটেডের কর্মচারীদের মধ্যে। গত এক সপ্তাহে তাঁরা দুই দফা ধরনা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। অর্ধেক বোনাস পরিশোধের আশ্বাস দিলেও কবে নাগাদ দেওয়া হবে, তা সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।ঢাকা-খুলনা মহাসড়কের পশ্চিম পাশে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুরে আজিজ পাইপস লিমিটেড অবস্থিত। এ মিলে প্রায় ৩০০ শ্রমিক কাজ করেন। গতকাল বুধবার পর্যন্ত ওই মিলের কর্মচারীরা পবিত্র ঈদুল ফিতরের বোনাস এবং আগস্ট মাসের বেতন পাননি।নাম প্রকাশে অনিচ্ছুক ওই মিলের কর্মচারীরা জানান, তাঁরা প্রথমে শুনতে পান এ বছর বোনাস দেওয়া হবে না। এ জন্য গত শনিবার দুপুরে তাঁরা মিলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী মহাব্যবস্থাপক মো. রাশিদুল হাসানের কক্ষে যান। সেদিন তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এরপর গত সোমবার আবার তাঁর কাছে গেলে তিনি প্রতিশ্রুতি দেন, ঈদের আগে ৫০ ভাগ বোনাস দেওয়া হবে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. রাশিদুল হাসান প্রথম আলোকে জানান, বোনাস বা বেতন এখন পর্যন্ত দেওয়া হয়নি। তবে ঈদের তো আরও এক সপ্তাহ বাকি আছে, এর মধ্যে অর্ধেক বোনাস দেওয়া হবে।