ঈদের যাত্রী পরিবহনে রেলের বিশেষ সার্ভিস, বন্ধ হয়নি হয়রানি
ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন সার্ভিস শুরু হয়েছে গত রোববার থেকে। ১৪টি বিশেষ ট্রেনের পাশাপাশি অন্যান্য ট্রেনেও আসনসংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু যাত্রিসেবা সেই আগের মতোই। দুর্ভোগ আর হয়রানি পোহাতে হচ্ছে যাত্রীদের।গতকাল সোমবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেনের কামরায় অভিযোগে নিয়ে ভিড় করেছে অসংখ্য যাত্রী। তাদের অভিযোগ, ট্রেনে উঠে দেখা যাচ্ছে আসন ফাঁকা নেই। তারা যেসব আসনের টিকিট কিনেছে, তা বিক্রি হয়ে গেছে।এ বিষয়ে জানতে চাইলে স্টেশনমাস্টার সাখাওয়াতের উল্টো প্রশ্ন, ‘আপনাকে এগুলো জানতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। কেউ এলেই তার প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই।’গতকাল দিনভর বিভিন্ন রুটের ট্রেন ঠিক সময়ে কমলাপুর ছেড়ে গেলেও কিছুটা সমস্যা বাধে চট্টগ্রাম রুটে। এই রুটের দুটি মহানগর ট্রেন ও মেইল ট্রেন কমপক্ষে এক ঘণ্টা দেরিতে ছাড়ে। আর রাজধানীতে পৌঁছাতে দেরি করে উত্তরঙ্গের এগারসিন্ধুর এক্সপ্রেস।রেলওয়ে সূত্র জানায়, গত ঈদুল ফিতরের তুলনায় এবার প্রতিদিন রাজধানী থেকে অতিরিক্ত পাঁচ হাজার যাত্রী পরিবহন করবে রেলওয়ে। এ জন্য পুরোনো ১৩০টি কোচ মেরামত করা হয়েছে। এগুলো ১৪টি বিশেষ ট্রেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তনগর ট্রেনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। বিশেষ সার্ভিস ঈদের আগে চলবে আগামী শুক্রবার পর্যন্ত। ২৯ অক্টোবর থেকে শুরু হবে ফিরতি বিশেষ সার্ভিস।