ঈদের রেশ কেটেছে, পুরোনো রূপে ঢাকা

ঈদের ছুটির রেশ কেটেছে। অফিস-আদালত-কারখানায় ফিরেছে স্বাভাবিক ছন্দ। প্রায় এক মাসের লম্বা ছুটি কাটিয়ে স্কুলগুলোতে শুরু হয়েছে ক্লাস। এর প্রতিক্রিয়া দেখা গেছে আজ সোমবার ঢাকার রাজপথে। সঙ্গে যোগ হয়েছে থেমে থেমে বৃষ্টি। সব মিলিয়ে নগর পথে ফিরে এসেছে নিত্যদিনের যানজট।
ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের মতে, বৃষ্টির কারণেই হয়েছে যানজট। আবহাওয়াবিদদের মতে, জুলাই মাসের ২৭ দিন স্বাভাবিকের চাইতে ২০ ভাগ বৃষ্টি বেশি হয়েছে। এর কবল থেকে সহজে নিস্তার মিলছে না।
ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আজ সোমবার দুপুরে জানানো হয়, দুপুরে যানজট ছিল না। তবে সকালের দিকে মাত্রা কিছুটা বেশি ছিল।
তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার রাজীব দাস প্রথম আলোকে জানান, বৃষ্টির জন্য যানবাহনের গতি কমে যায়। আজ সকালে বৃষ্টিতে এমন অবস্থাই হয়েছিল ঢাকার প্রধান প্রধান সড়কে। তবে যানজটের মাত্রা মারাত্মক আকার ধারণ করেনি।
ট্রাফিক বিভাগ সূত্র জানায়, সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত নগরীর ভিআইপি সড়কগুলোয় যানবাহনের চাপ বেশি ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বেলা ১২টার দিকে সরেজমিন দেখা গেছে, মহাখালী থেকে সোনারগাঁও ক্রসিং পর্যন্ত ধীর গতিতে যানবাহন চললেও, শাহবাগমুখী সড়কের অবস্থা ছিল স্বাভাবিক। এর উল্টো দিকের সড়কের দৃশ্য অবস্থা ছিল সম্পূর্ণ বিপরীত। হাতিরঝিল, এফডিসি মোড় যানবহনের কোলাহলমুক্ত থাকলেও, মগবাজার মোড় ছিল থমকে। ট্রাফিক বিভাগ বৃষ্টিকে যানজটের জন্য দায়ী করছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল সকালে ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত টেকনাফে ৩৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবার বর্ষা মৌসুমে এটিই ছিল সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড।
রাজধানী ঢাকায় আজ বিকেল ৩টা পর্যন্ত ৩৩ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার।
বৃষ্টির কারণ সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলোকে বলেন, অনেক বছর পর বর্ষা পুরোনো রূপে ফিরে এসেছে। সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে স্বাভাবিকের চাইতে বৃষ্টি বেশি হয়েছে। তবে এখনো বন্যা হওয়ার মতো পরিস্থিতি হয়নি।