ঈদের শাড়ি বলে কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় শাড়ি পছন্দ করছেন এক নারী। রাজধানীর মোহাম্মদপুরের বিপণিবিতান টোকিও স্কয়ার থেকে তোলা ছবি l প্রথম আলো
ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় শাড়ি পছন্দ করছেন এক নারী। রাজধানীর মোহাম্মদপুরের বিপণিবিতান টোকিও স্কয়ার থেকে তোলা ছবি l প্রথম আলো

শাড়ির আঁচলটার রং কি কমলা? কমলা কেমন দেখাবে? এই রংকে কমলা বলা যায়?—ক্রেতার এ ধরনের প্রশ্নে কিছুটা বিপাকে পড়েন অঞ্জন’স-এর একজন নারী বিক্রয়কর্মী। তিনি বলেন, এই তো কমলা, মানে মিষ্টি আর কমলা রঙের মাঝামাঝি। এবার ক্রেতা তাঁর স্বামীর কাছে জানতে চাইলেন, কেমন দেখাবে? বেশি গর্জিয়াস মনে হচ্ছে? এর মধ্যে একজন পুরুষ বিক্রয়কর্মী শাড়িটা কুঁচি দিয়ে পরলে আঁচলটা দেখতে কেমন লাগবে, তা-ও দেখালেন। তবে ক্রেতার বক্তব্য, ‘আর একটু দেখি।’ এরপর বিক্রয়কর্মীরা ব্যস্ত হলেন অন্য ক্রেতাকে নিয়ে।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে দেশী দশের অঞ্জন’স-এ এমন দৃশ্য দেখা যায়। বিক্রয়কর্মীরা বললেন, প্রথম থেকে ১৫ রোজা পর্যন্ত ক্রেতারা উপহার দেওয়ার জন্য শাড়ি কেনেন। এরপর শুরু হয় নিজের জন্য কেনা।
বিশ্বরঙের ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা বিপ্লব সাহা প্রথম আলোকে বলেন, শাড়ি একটি ক্যানভাসের মতো। প্রথমেই কল্পনাশক্তিকে কাজে লাগাতে হয়, তারপর উপলক্ষ বিবেচনায় নিতে হয়, ঋতুর কথা চিন্তা করতে হয়। এরপর হলো ক্রেতার বয়স। বৈশাখে মানুষ বেশি দাম দিয়ে শাড়ি কিনতে চান না। কিন্তু ঈদে বাজেট একটু বাড়ালেও ক্ষতি নেই। এবার ঈদ বর্ষাকালে হচ্ছে। তাই নীলের সঙ্গে অনেক রঙের সমাহারে শাড়ি তৈরি করা হয়েছে।
তবে এবার শেষ মুহূর্তের ঈদবাজার নিয়ে বিক্রেতাদের মন খারাপ। গত শুক্রবার রাতে গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার প্রভাবে গতকাল ছুটির দিনেও তুলনামূলকভাবে ক্রেতা কম বলে মনে করছেন কেউ কেউ।
মিরপুর থেকে মৌসুমি এসেছেন শাড়ি কিনতে। তিনিও বসুন্ধরার দেশী দশের বিভিন্ন দোকানে ঘুরছেন। তাঁর চাই গোলাপি আর নীলের মিশ্রণের একটি শাড়ি। ঈদে সালোয়ার-কামিজ কিনেছেন। মা, শাশুড়ির জন্যও কেনা শেষ।
ক্রেতাদের চাহিদার তো শেষ নেই। কাপড়ে আন্তর্জাতিক ফ্যাশন ও ধারার ছোঁয়া থাকতে হবে। উৎসবের শাড়ি মসলিন, জামদানি, তসর বা সিল্ক না হলে কি চলে! পাড় আর আঁচলজুড়ে ভরাট কাজ থাকতে হবে৷ আবার যাঁর জন্য কেনা, তিনি লম্বা না খাটো ইত্যাদিও শাড়ি কেনার সময় বিবেচনায় থাকে। যাঁদের সামর্থ্য আছে, তাঁরা ঈদের সকাল, দুপুর আর রাত অনুযায়ী শাড়ি কেনেন। তাই চাঁদরাত পর্যন্ত ক্রেতারা চষে বেড়াবেন বিভিন্ন বিপণিবিতান।
পান্থপথে মাদল এবার ঈদে এনেছে নেটের শাড়ি। তাতে ডলার ও পাড় লাগানো হয়েছে। শাড়ির দাম রাখা হয়েছে ১০ হাজার ৫০০ টাকা। মাদলের নিজস্ব নকশায় করা তাঁতের টাঙ্গাইল শাড়িও ক্রেতারা কিনছেন। এ ছাড়া জামদানি শাড়ির সঙ্গে জামদানির টু-পিস সালোয়ার-কামিজ, ওড়না, ব্লাউজের কাপড় এবং ছেলে ও মেয়েদের পাঞ্জাবির কাপড়ও বিক্রি হচ্ছে।
নীল আঁচল-এর বিক্রেতা ফয়েজ আহমেদ বললেন, এবার ঈদে ভারতের খাড্ডি শিফন, খাড্ডি বেনারসিসহ কয়েক ধরনের শাড়ি বিক্রি হচ্ছে। ২৫ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের এ শাড়িগুলো অনেকটা চুন্দ্রি ধাঁচের, কুঁচকানো। শাড়ি কেনার পর তা ইস্তিরি করে সোজা করা হয়। এ দোকানে কাঞ্জিভরম, গাদুয়ান, তসরসহ বিভিন্ন শাড়ির পাশাপাশি বিয়ের শাড়ি ও লেহেঙ্গা বিক্রি হচ্ছে।
ঈদ উপলক্ষে ক্রেতাদের আকর্ষণে ছাড়ের ছড়াছড়ি। মনে রেখো শাড়িজসহ বিভিন্ন শাড়ি কিনলেই ক্রেতারা পাচ্ছেন মূল্যহ্রাস।
যে ক্রেতাদের বাজার ঘুরে শাড়ি কেনার সময় নেই, তাঁদের জন্য আছে অনলাইন শপিং। আজকের ডিল ডটকম, কী দরকার ডটকম শাড়ি কিনলে চুড়ি, গয়না বিনা মূল্যে দিচ্ছে। বিভিন্ন কার্ডে কেনাকাটা করলেও পাওয়া যাচ্ছে বিশেষ মূল্যছাড়।