ঈদের শুভেচ্ছা জানালেন পোপ ফ্রান্সিস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি মুসলমান ও খ্রিষ্টান—এ দুই সম্প্রদায়ের মানুষকে পরস্পরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনেরও আহ্বান জানান। শিক্ষালাভের মধ্য দিয়েই এই শ্রদ্ধাবোধ অর্জন সম্ভব বলে মনে করেন তিনি। খবর ইউএনবির।ঢাকায় ভ্যাটিকান দূতাবাসের পাঠানো এক বার্তায় গতকাল মঙ্গলবার পোপের ওই শুভেচ্ছার কথা জানানো হয়েছে।শুভেচ্ছা বার্তায় পোপ বলেন, ‘আপনারা রোজা পালন, নামাজ আদায় ও দান-খয়রাতের মধ্য দিয়ে পবিত্র রমজান মাস অতিবাহিত করে ঈদুল ফিতর উদ্যাপন করতে যাচ্ছেন। এ অবস্থায় আপনাদের শুভেচ্ছা জানাতে পেরে আমি দারুণ আনন্দিত।’পোপ বলেন, ‘আমি অবগত আছি, পবিত্র ঈদের সময় মুসলমানদের পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে আনন্দ-উৎসব উদ্যাপনের বিশেষ গুরুত্ব রয়েছে। সমভাবে এটাও ঠিক, খ্রিষ্টান সম্প্রদায়ের বিশ্বাস ও ধর্মাচরণেও একই রকম আনন্দ-উৎসব উদ্যাপন বিশেষ গুরুত্বপূর্ণ।’শিক্ষালাভের মধ্য দিয়ে এই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকাশ ঘটুক—বিষয়টি এবার ঈদের মূল তাৎপর্য হোক বলেও বার্তায় আশা প্রকাশ করেন পোপ ফ্রান্সিস।