আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেয়র প্রার্থীরা ঈদের শুভেচ্ছা জানাতে প্রচারপত্র ও পোস্টার ছড়িয়েছেন। ইতিমধ্যে জাতীয় পার্টি ও বিএনপির পক্ষ থেকে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কেউ মাঠে না নামলেও কেউ কেউ ব্যক্তিগতভাবে প্রচারপত্র বিলি শুরু করেছেন।
নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা হলেন, বর্তমান সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ, জাতীয় পার্টির মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান, বিএনপির মহানগর কমিটির সাবেক সভাপতি কাওসার জামান। এ ছাড়া জাতীয় পার্টির সদ্য বিলুপ্ত জেলা কমিটির সদস্যসচিব ও দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার, রংপুর পৌরসভার সাবেক মেয়র আবদুর রউফ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ কেউ দৈনিক পত্রিকার ভেতর প্রচারপত্র বিলি করেছেন; আবার ছবিসংবলিত রঙিন পোস্টার ছাপিয়ে নগরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মধ্যে সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সরফুদ্দীন আহমেদ পোস্টারে উল্লেখ করেছেন, ‘সুযোগ পেলে আগামীতে সুন্দর পরিবেশবান্ধব সিটি করপোরেশন উপহার দেব।’
এদিকে দলীয় পরিচয় না দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান রঙিন প্রচারপত্র বিলি করে নগরবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
মোস্তাফিজার রহমানকে ইতিমধ্যে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরশাদ বিভিন্ন সভা-সমাবেশে দলীয়ভাবে মেয়র প্রার্থী হিসেবে মোস্তাফিজারকে পরিচয় করিয়ে দিয়েছেন। আর নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েমোস্তাফিজারের পক্ষে নগরের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটানো হয়েছে।
এরশাদের ভাতিজা সদ্য বিলুপ্ত হওয়া জেলা কমিটির সদস্যসচিব আসিফ শাহরিয়ার। তিনি এখনো দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ব্যক্ত করেছেন। তাঁর পক্ষ থেকেও ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
রংপুর পৌরসভার সাবেক মেয়র মহানগর জাতীয় পার্টির সাবেক নেতা আবদুর রউফের পক্ষেও পোস্টার সাঁটানো ও প্রচারপত্র বিলি করা হয়েছে।
বিএনপির সম্ভাব্য প্রার্থী কাওসার জামান এর আগেও মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। তাঁর পক্ষ থেকেও নগরবাসীকে অভিনন্দন জানিয়ে পোস্টার সাঁটানো হয়েছে।
২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরেই এর মেয়াদ শেষ হচ্ছে।