প্রতিবছরই ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কাঁচপুর, তারাব, গাজীপুরের চন্দ্রা, কুমিল্লার দাউদকান্দি, সাভারসহ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট হয়। এতে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়ে। মহাসড়কের এই যানজট নিরসনে পুলিশের ঢাকা অঞ্চলের উপমহাপরিদর্শককে (ডিআইজি) দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি যানজটকবলিত এলাকার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে করণীয় ঠিক করবেন।গতকাল বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে যানজটসংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।বৈঠকে পুরোনো যানবাহন ঢাকা থেকে তুলে দেওয়ার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা, ঈদের ছুটিতে দুর্ঘটনা রোধে মহাসড়কে হাইওয়ে পুলিশের কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত হয়।বৈঠকে ঢাকার যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারের সিএনজিতে রূপান্তর কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব দেন একজন ম্যাজিস্ট্রেট। বৈঠকে উপস্থিত অন্যরাও এ প্রস্তাবে সায় দেন। যোগাযোগমন্ত্রী বিবেচনা করে দেখার আশ্বাস দেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হককে এ বিষয়ে একটি প্রস্তাব দেওয়ার অনুরোধ জানান।বৈঠক শেষে সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, বিশেষজ্ঞদের সুপারিশ পাওয়া গেলে যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে প্রস্তাব বিবেচনা করবে। সরকার বিশেষজ্ঞদের মতামত কাজে লাগাতে চায় বলে তিনি জানান। বৈঠকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী অভিযোগ করেন, বিভিন্ন বাস কোম্পানি রাজধানীর বিভিন্ন ফুটপাত দখল করে কাউন্টার স্থাপন করেছে, যা পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।