ঈদের স্বপ্নে নির্ঘুম বিহারি কলোনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের একপাশে রঙিন থ্রিপিস, শাড়ি ও পাঞ্জাবির স্তূপ; আরেক পাশে বিচিত্র রঙের সব চুমকি, জরি, পুঁতি ও পাথর। কাপড়ের ওপর ঝুঁকে থাকা কারিগরেরা এক মনে কাজ করে যাচ্ছেন। কেউ চুমকি, কেউ জরি আবার কেউ পুঁতি বসাতে ব্যস্ত।
চিত্রটি চট্টগ্রাম নগরের আমবাগানের ঝাউতলা এলাকার। এখানকার জারদৌসি কারিগরদের চোখে এখন ঘুম নেই। চলছে ঈদকে রঙিন করে তোলার যাবতীয় আয়োজন। বিহারি কলোনির প্রতিটি ঘরেই এখন কর্মব্যস্ততা। কাজের ক্লান্তি দূর করতে অনেকে উচ্চ ভলিউমে ছেড়ে দিয়েছেন গান। কলোনিতে প্রায় ৭০০ বিহারি পরিবারের বসবাস।
উর্দুভাষী এই জনগোষ্ঠীর সদস্যরা ঐতিহ্যগতভাবেই কাপড়ে জারদৌসি ও কারচুপির সৃষ্টিশীল কাজ করে আসছেন। নগরের বিভিন্ন বিপণিবিতানে তাঁদের কাজ করা পোশাক শোভা পেলেও বেশির ভাগ ক্রেতাই জানেন না কারা এসবের কারিগর।
উত্তরাধিকার সূত্রে তাঁরা জড়িয়ে পড়েন এসব কাজে। ২৪ বছরের মো. রানা ১৪ বছর ধরে এ কাজ করছেন। গত বুধবার তাঁর ছোট্ট বেড়ার ঘরে গিয়ে দেখা যায়, রানা একটি কামিজের কাপড়ে জারদৌসির কাজে ব্যস্ত। তাঁকে সঙ্গ দিচ্ছেন ছোট বোন সালমা।
কাজ করতে করতে রানা বলতে থাকেন, ‘আমার বাবার কাছেই এ কাজের হাতেখড়ি। সারা বছরই টুকটাক কাজ করি। এখন রোজা উপলক্ষে একটু বেশি। মার্কেট থেকে অর্ডার নিই। আবার অনেকে ব্যক্তিগতভাবে এসেও অর্ডার দেন।’
রানার প্রতিষ্ঠানের নাম মুরাদ বুটিকস। আলাদা করে কোনো দোকান নেই। ওই ঘরই ঠিকানা। অর্ডার নিয়ে প্রথমে বাজার থেকে পুঁতি, জরি ইত্যাদি সংগ্রহ করেন। পরে নকশা এঁকে লেগে পড়েন কাজে।
ঘরের ভেতর কাঠের পাটাতনে শাড়ি, পাঞ্জাবি কিংবা কামিজের কাপড় বিছিয়ে তার ওপর কাজ করা হয়। এখানকার বাসিন্দারা জানান, বিহারি কলোনির ৯০ শতাংশ বাসিন্দাই জারদৌসি ও কারচুপির কাজের সঙ্গে পারিবারিকভাবে জড়িত। কাজের সৌন্দর্য অনুযায়ী দাম নির্ধারণ করা হয়।
এখানকার প্রতিটি ঘর মানে একেকটি বুটিকপ্রতিষ্ঠান। সাঈদ বুটিক নামের প্রতিষ্ঠানটি চালান সাঈদ ও জাবেদ দুই ভাই মিলে। ঘরে ঢুকে দেখা যায়, জাবেদ দুটি পাঞ্জাবি বিছিয়ে সেগুলোতে কাজ করছেন।
জাবেদ জানান, ‘ঈদের সময়টাতে পাঞ্জাবি বেশি চলে। রাত জেগে এখন কাজ করা লাগছে। দু-একজন কর্মচারীও রয়েছে।’ ইমরান ব্যস্ত একটি শাড়িতে জারদৌসি নকশা তুলতে। নগরের মিমি সুপার মার্কেট থেকে এই কার্যাদেশ তিনি পান। আমবাগান বিহারি কলোনির বুটিক কাজের মধ্যে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান পাপ্পু বুটিকস। তাঁর ঘরে ঢুকে দেখা যায় বোরকায় নকশা করছেন পাপ্পু ও তাঁর পাঁচ কর্মকচারী। পাপ্পু বলেন, এখানে প্রায় ৭০০ পরিবার রয়েছে। বেশির ভাগই এ কাজ করে। তবে কয়েক বছর ধরে মন্দা। কারণ, ভারত থেকে কারচুপি ও জারদৌসি কাজের কাপড়চোপড় আসছে।
স্থানীয় কর্মজীবী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ইউসেফ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র সোহেলও পাপ্পু বুটিকের কর্মচারী। স্কুল বন্ধ, তাই কাজে লেগে পড়েছে সে। সোহেল, শিমলা, রানা সবাই ব্যস্ত ঈদের বর্ণিল পোশাক বানাতে। নিজের জন্য নয়, তাতে কী! অন্যের গায়ে নিজের সৃষ্টিশীলতা দেখে তাদের ঈদও যে আনন্দময় হয়ে ওঠে।