ঈদের ১০ দিন আগে ট্রেনের টিকিট বিক্রি হবে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার রেল ভবনে ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতিবিষয়ক এক সভায় তিনি এ কথা জানান।বর্তমানে ট্রেনের অগ্রিম টিকিট যাত্রার তিন দিন আগে বিক্রি করা হয়। অন্যান্যবার ঈদের পাঁচ থেকে সাত দিন আগে অগ্রিম টিকিট দেওয়া হতো।ওবায়দুল কাদের জানান, ইন্টারনেট ও মুঠোফোনেও ঈদের অগ্রিম টিকিট কাটা যাবে। ঈদ এবং বর্ষা মৌসুমে ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ দুটি মৌসুম আমাদের জন্য কঠিন পরীক্ষা। নিরাপদ যাত্রা নিশ্চিত করে জনগণকে স্বস্তি দিয়ে আমরা এ পরীক্ষায় পাস করতে চাই।’ তিনি জানান, এবারের ঈদে সাত জোড়া বিশেষ ট্রেন এবং সরকারের পরিবহন সংস্থা বিআরটিসির বহরে ১৩০টি নতুন বাস যুক্ত হবে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, চট্টগ্রাম-নোয়াখালী-চট্টগ্রাম, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা-ঢাকা রুটে বিশেষ ট্রেনগুলো ঈদের তিন দিন আগে থেকে ঈদের পরের দ্বিতীয় দিন থেকে পাঁচ-সাত দিন পর্যন্ত চলাচল করবে।ওবায়দুল কাদের জানান, এ ছাড়া ঈদ উপলক্ষে ১৪ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তনগর ট্রেনগুলো সাপ্তাহিক বন্ধের দিনেও চলাচল করবে।