ঈদের ১০ দিন আগে মহাসড়কে নির্মাণকাজ বন্ধ: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে মহাসড়কে চলমান নির্মাণকাজ ঈদের ১০ দিন আগে থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
গতকাল রোববার ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে যানজটপ্রবণ স্থান ব্যবস্থাপনাবিষয়ক এক সমন্বয় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, যানজটপ্রবণ ১৬টি স্থানে বাংলাদেশ রোভার স্কাউটসের এক হাজার সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। ঈদের আগে প্রতিদিন তিনটি পালায় পাঁচ দিন এসব স্বেচ্ছাসেবক পুলিশকে পরিবহন ব্যবস্থাপনায় সহায়তা করবে।
তিন সেতু নির্মাণে চুক্তি সই: পটুয়াখালী, বাগেরহাট ও খুলনা জেলায় চীন সরকারের অর্থায়নে তিনটি সেতু নির্মাণে প্রাথমিক চুক্তি সই হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, চীনের অর্থায়নে দেশে সাতটি মৈত্রী সেতু নির্মাণ হয়েছে। অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু বা বেকুটিয়া সেতু নির্মাণে নকশা প্রণয়ন চুক্তি হয়েছে সম্প্রতি। এখন চীনের অর্থায়নে পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর বগা সেতু বা নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, বাগেরহাটের মোংলা নদীর ওপর মোংলা সেতু বা দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এবং খুলনায় ঝপঝপিয়া নদীর ওপর ১১তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হবে।
ওবায়দুল কাদের বলেন, চলতি বছরই এই তিনটি সেতুর নির্মাণকাজ শুরু করা হবে। শেষ হবে ২০২০ সালে। চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, বাংলাদেশে চীনা দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) লি গুয়াংজুন, তিন সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক পরিমল বিকাশ সূত্রধর প্রমুখ।