বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অজন্তা ইলোরা। অন্যবার ঈদের দু-তিন দিন আগে ঢাকা থেকে সিরাজগঞ্জে বাড়ির উদ্দেশে রওনা হয়ে মহাসড়কে চরম দুর্ভোগে পড়তে হয় তাঁকে। সেই দুঃস্বপ্নের কথা মনে করে এবার পাঁচ দিন আগেই গতকাল রোববার রওনা দেন। কিন্তু এবারও সেই দুর্ভোগ থেকে মুক্তি পাননি। সকাল সাড়ে সাতটায় মিরপুর থেকে রওনা দিয়ে বাড়ি পৌঁছাতে সন্ধ্যা গড়িয়েছে তাঁর।
ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যাতায়াতে অতিগুরুত্বপূর্ণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকালও ছিল থেমে থেমে দীর্ঘ যানজট। এর আগের দিনই শুরু হয় এ যানজট। ঈদের দু-এক দিন আগে ঘরমুখী মানুষের চাপ ব্যাপক বেড়ে গেলে এ মহাসড়কে যাত্রীদের কী দুর্ভোগ পোহাতে হবে, তা নিয়ে এখনই উদ্বিগ্ন অনেকে।
এ মহাসড়কে গাজীপুরের চন্দ্রা ও আশপাশে এবং টাঙ্গাইলের মির্জাপুরসহ বিভিন্ন অংশে গতকালও সারা দিন অন্তত ১৫-২০ কিলোমিটারজুড়ে ছিল থেমে থেমে যানজট। এতে শনিবারের মতো এদিনও ভোগান্তিতে পড়ে ঈদ আনন্দকে সঙ্গী করে ঘরমুখী হাজারো নারী-পুরুষ-শিশু।
যানজট নিরসনে থানা ও মহাসড়ক পুলিশকে কাজ করতে দেখা গেলেও তাতে খুব একটা সুবিধা মিলছে না। মহাসড়ক পুলিশ বলছে, ঈদ সামনে রেখে এ মহাসড়কে যাত্রীবাহী গাড়ির সংখ্যা গত শনিবার থেকে বেড়ে গেছে। সঙ্গে যোগ হয়েছে কোরবানির পশুবোঝাই ট্রাকের যাতায়াত। এতে মহাসড়কটিতে পরিবহনের চাপ এখন স্বাভাবিক সময়ের চেয়ে বেশি।
পুলিশ আরও বলছে, চাপ সামলাতে মহাসড়কের পরিধি যা হওয়া দরকার, তা তুলনামূলকভাবে কম। এতে যানবাহন চলছে ধীরগতিতে। দুদিন ধরে বৃষ্টির কারণে অবস্থার আরও অবনতি হয়েছে, সৃষ্টি হয়েছে নতুন খানাখন্দ।
বিভিন্ন সূত্রে জানা যায়, এ মহাসড়কে পশুবোঝাই ট্রাকের চাপ মূলত বাড়ে শনিবার সন্ধ্যার পর। রাত ১১টার দিকে কালিয়াকৈর রেল উড়ালসেতুর পূর্ব পাশে একটি ট্রাক বিকল হলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ঘণ্টা খানেক পর সেটি রেকার দিয়ে সরিয়ে নেয় পুলিশ। ততক্ষণে কোনাবাড়ী থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজট শুরু হয়। পরে তা কালিয়াকৈরের মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা ত্রিমোড় এলাকায় ছড়িয়ে পড়ে। দুঃসহ ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ।
এদিকে গতকাল ভোর ছয়টার দিকে মির্জাপুরের কদিম ধল্যা নামক স্থানে ট্রাক-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও যানচলাচল বন্ধ হয়ে যায়। এ জন্য নাটিয়াপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। সকাল সাতটার দিকে পুলিশ ট্রাক ও কাভার্ড ভ্যান সরিয়ে নিলে যানচলাচল শুরু হয়। তবে মির্জাপুরের শুভুল্যা থেকে জামুর্কী পর্যন্ত প্রায় আট কিলোমিটার এবং দেওহাটা থেকে মির্জাপুরের ক্যাডেট কলেজ এলাকা পর্যন্ত আরও প্রায় আট কিলোমিটারে বেলা দুইটা পর্যন্ত যানজট থাকে। সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানজট ছিল।
মির্জাপুরের পাকুল্যা থেকে গোড়াই পর্যন্ত মহাসড়কের দুই পাশে আটটি ফিলিং স্টেশন ও ১৩-১৪টি খাবার হোটেল রয়েছে। এসব স্থানে যানবাহন ঢোকা ও বের হওয়ার সময় অন্যান্য যানবাহন থেমে গিয়েও যানজট লাগছে। ধেরুয়া রেলক্রসিংয়ে উড়ালসেতু না থাকায় ট্রেন চলাচলের সময় যানবাহন মহাসড়কে বন্ধ থাকে। এতেও লাগছে যানজট।
অনেক গাড়িচালক ও যাত্রীর অভিযোগ, গাজীপুরের নাওজোড়, কোনাবাড়ী নতুন বাজার ও মৌচাক এলাকায় মহাসড়কের পাশেই বসানো হয়েছে পশুর হাট। এসব হাটে পশুবাহী ট্রাক আসা-যাওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে। আজমেরী পরিবহনের একজন বাসচালক আবদুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে গরুভর্তি বহু ট্রাক এ মহাসড়ক দিয়ে ঢাকায় ঢুকছে। অনেক গরুর ব্যাপারী মহাসড়কের ওপর ট্রাক থামিয়ে প্রয়োজনীয় কাজ সারছেন। এতে অন্যান্য যানবাহনের স্বাভাবিক চলাচল থেমে যাচ্ছে।
গতকাল দুপুরে চন্দ্রা এলাকায় কথা হয় হানিফ পরিবহনের বাসের সহকারী ইউছুফ মিয়ার সঙ্গে। তিনি জানান, মির্জাপুর থেকে চন্দ্রা আসতে সাধারণত ৩০-৩৫ মিনিট লাগে। কিন্তু যানজটে ওই এলাকাটুকু আসতে সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা।
কোনাবাড়ী মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু দাউদ খান বলেন, গতকাল সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ায় কোনো কোনো স্থানে মহাসড়কের ওপর দুই পাশে পানি জমে গেছে। যার কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পাশে কামারপাড়া সড়কে গরুর হাট বসায় ওই সড়কে কোনো যানবাহন চলতে পারছে না। পশু ওঠানো-নামানোর সময় কিছু ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাময়িক অবস্থান করায় যানজট হচ্ছে।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, এ ছাড়া টঙ্গী-ঘোড়াশাল সড়ক রুটে চলাচলকারী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন আগে থেকে কামারপাড়া সড়কে হাট বসার খবর না পেয়ে ওই পথ ব্যবহার করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে।