নিজের বিয়ের আগে ছোট খালাতো বোন মুনতাহারা কারিনের (১৯) বিয়ে ঠিক হওয়ায় ঈর্ষান্বিত হয়ে ওঠেন শারমিন ফারজানা (২১)। এ জন্য তিনি কারিন ও তাঁর ছোট বোন সালসাবিল তাসলিমের (১৭) ওপর এসিড নিক্ষেপ করেছিলেন। নিজেকে সন্দেহের বাইরে রাখতে পরে নিজের গালেও এসিড লাগান শারমিন।চট্টগ্রাম নগরের চকবাজারের জয়নগরে দুই বোনসহ নিজের ওপর এসিড নিক্ষেপের ঘটনা সম্পর্কে গতকাল শুক্রবার পুলিশকে জানান শারমিন। ওই ঘটনায় গত বৃহস্পতিবার গ্রেপ্তারের জন্য শারমিনকে পাঁচলাইশ থানায় আনা হয়। গতকাল তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি তাঁর ছোট ভাই ইফতেহার লতিফকেও আটক করা হয়। ২ অক্টোবর ভোর ছয়টার দিকে জয়নগরের চতুর্থতলার বাসায় ঘুমের মধ্যে কারিন, তাসলিম ও তাঁদের খালাতো বোন শারমিন এসিডদগ্ধ হন। পরে তিন বোনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিন কারিনের বাবা আনোয়ারুল মবিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। কারিনের ১০ অক্টোবর বিয়ের দিন ধার্য ছিল।পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) রেজাউল মাসুদ বলেন, শারমিনের বিয়ে হচ্ছে না, ছোট খালাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে—মূলত এসব কারণে ঈর্ষাপরায়ণ হয়ে শারমিন নিজেই এসিড নিক্ষেপ করেন। শারমিন জিজ্ঞাসাবাদে তা স্বীকার করেন।পুলিশ সূত্র জানায়, এসিডে শারমিনের শুধু মুখের ডান দিকে একটু পুড়ে যায়। এ ছাড়া দুই বোনের বালিশ এসিডে পুড়ে গেলেও শারমিনের বালিশ পোড়েনি। এ থেকে পুলিশের সন্দেহ বাড়ে। থানা হাজতে থাকা শারমিনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। পুলিশ কারিন ও শারমিনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছে।জানা গেছে, এসিড নিক্ষেপের আগের দিন রাতে শারমিন তাঁর খালাতো বোন কারিনদের বাসায় রাতে ঘুমাতে আসেন। ওই দিন কারিনের মা-বাবা গ্রামের বাড়ি চকরিয়ায় বিয়ের দাওয়াত দিতে গিয়েছিলেন। তাই বাসায় বড় কেউ ছিলেন না। কারিন ও শারমিন একসঙ্গে এক কক্ষে ও তাসলিম অন্য কক্ষে ঘুমিয়েছিলেন।মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজ বলেন, ‘দুই বোনকে এসিড মেরে শারমিন বাথরুমে ঢুকে নিজের মুখে এসিড লাগান। রুপার নূপুর সযত্নে রাখার জন্য শারমিন অনেক আগে তাঁর বাসায় এই এসিড এনেছিলেন।’