ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৯ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব কামরুন্নাহার স্বাক্ষরিত এক চিঠিতে চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। উপসচিব স্বাক্ষরিত চিঠি থেকে জানা যায়, ইউপি চেয়ারম্যান আসাদ গত ৪ এপ্রিল নিজ কার্যালয়ে ওই কিশোরীর শ্লীলতাহানি করেন। ১২ এপ্রিল ওই কিশোরী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চেয়ারম্যানসহ পাঁচজনকে আসামি করে মামলা করে। পুলিশ ২৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তবে আসামিরা সবাই বর্তমানে আদালত থেকে জামিনে রয়েছেন। তবে মন্ত্রণালয় চেয়ারম্যান আসাদকে সাময়িক বরখাস্ত করে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, বরখাস্তের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। ময়মনসিংহের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবুল হাসনাত মোহাম্মদ লোকমান চেয়ারম্যান আসাদকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।