ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কলেজের ১৫ জন প্রভাষক নিয়োগের প্রক্রিয়া স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। উপজেলা ছাত্রলীগের একাংশ ও কলেজ ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের আপত্তির জন্য ওই নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করা হয়। ছাত্রলীগের ওই অংশ কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ এনেছে।
কলেজ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির জন্য বাংলা, সমাজকর্ম ও হিসাববিজ্ঞান বিভাগের মোট ১৫ জন প্রভাষক নিয়োগের জন্য গত ২ এপ্রিল কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়। তিনটি বিষয়ে ১৫টি পদের জন্য মোট ৫১ জন প্রার্থী আবেদন করেন। গত শনিবার দুপুরে চাকরিপ্রার্থীদের পরীক্ষা হওয়ার কথা ছিল। ওই দিন (শনিবার) হঠাৎ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের একাংশ কলেজ ক্যাম্পাসে ওই নিয়োগ-প্রক্রিয়া বন্ধের জন্য মিছিল করে।
ছাত্রলীগের ওই অংশের অভিযোগ, নিজেদের পছন্দের প্রার্থী নিতে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবদুস ছাত্তার ও তাঁর স্বজনেরা অনেক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার চুক্তি করছেন। তাই ছাত্রলীগের ওই অংশ টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগকে অবৈধ আখ্যা দিয়ে তা বাতিল করার দাবি জানায়।
একই সময় কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুলও কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের কাছে ছাত্তারের বিরুদ্ধে অভিযোগ করে নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করতে বলেন। পরে অধ্যক্ষ কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে নিয়োগ-প্রক্রিয়া আপাতত স্থগিত করেন। এদিকে ছাত্রলীগের মিছিলের কারণে উত্তেজনা দেখা দিলে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ব্যাপারে হাসান মাহমুদ বলেন, ছাত্তার ও তাঁর স্বজনেরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই ১৫ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা করেছিলেন। তাই তাঁরা তা মেনে নেননি।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য রফিকুল বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির সভাপতির পক্ষ থেকে তাঁর আত্মীয়রা টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছেন। তাই সেই নিয়োগ স্থগিতের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়েও আবেদন করেছি।’
এ ব্যাপারে ছাত্তারের মুঠোফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। তবে এ বিষয়ে তাঁর শ্যালক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান বলেন, এখানে বাণিজ্যের কোনো সুযোগ নেই। কলেজ সরকারীকরণের উদ্দেশ্যে ওই ১৫ জন শিক্ষক নিয়োগ করা হবে। কলেজের তহবিল থেকে সামান্য বেতন তাঁদের দেওয়া হবে। সামান্য বেতনের জন্য কেউ টাকা দিয়ে চাকরি নেবেন না। ছাত্তার কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগে তাঁর গ্রহণযোগ্যতা আছে। তাঁর ভাবমূর্তি নষ্ট করতে একটি দুষ্কৃতকারী পক্ষ এসব করছে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, একটি পক্ষের আপত্তির জন্য নিয়োগ-প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। খুব দ্রুতই কমিটির সঙ্গে বৈঠক করে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হবে।