ঈশ্বরগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মীভূত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদর উপজেলার কাঁচাবাজারে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় পার্শ্ববর্তী একটি বাসার মালামাল পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে বাজারের কাঁচামালের আড়তদার মোহামঞ্চদ আলীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের ছয়টি দোকানঘর ও একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দেলোয়ার হোসেন, দীন ইসলাম, ফারুক মিয়ার মনোহরি দোকান এবং মোহামঞ্চদ আলী, মতি মিয়া, লোকমান মিয়ার সবজির আড়ত ও মাহবুব মিয়ার বীজের দোকান ভস্মীভূত হয়। আগুনে অবসরপ্রাপ্ত প্রশাসনিক সেনা কর্মকর্তা মো. হাবিবুর রহমানের বাড়ির মালামাল পুড়ে ছাই হয়ে যায়। হাবিবুর রহমান জানান, তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ লাখ টাকা। অন্যদিকে ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে দাবি করেছেন।