ঈশ্বরগঞ্জ-শম্ভুগঞ্জ সড়ক সংস্কারের দাবি, যানবাহন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনেও ঈশ্বরগঞ্জ-শম্ভুগঞ্জ সড়ক মেরামত না করায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় পরিবহন শ্রমিকেরা গত রোববার রাত থেকে এ সড়কপথে যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন। ফলে গতকাল সোমবার থেকে ময়মনসিংহ জেলার সঙ্গে ঈশ্বরগঞ্জ, নান্দাইল, কিশোরগঞ্জ জেলার অধিকাংশ উপজেলাসহ উত্তরবঙ্গের রাজশাহী, পাবনা, রংপুর, বগুড়ার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, কক্সবাজারসহ দেশের উত্তর-দক্ষিণ অঞ্চলের যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়েছে। এ সড়কপথে যানবাহন চলাচল বন্ধ থাকায় এ অঞ্চলের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।জানা যায়, ২০০৭ সালের ২৪ জুন তারিখে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ওই সড়কের ২০ কিলোমিটার রাস্তার নির্মাণকাজটি শুরু করে আইটিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরুতেই নানা অনিয়ম, খামখেয়ালিপনায় রাস্তা নির্মাণে ধীরগতি ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। নির্দিষ্ট সময়ের মধ্যেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শেষ করতে না পেরে দুই দফায় সময় নেওয়ার দীর্ঘ চার বছর পরও কাজটি সম্পন্ন করেনি প্রতিষ্ঠানটি।এ পথে চলাচলকারী ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের বাসচালক মো. ফারুক মিয়া, ঢাকা-তাড়াইলের বাসচালক মানিক, ঢাকা-কেন্দুয়ার চালক মো. আজিজুল হক ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ গেটলকের চালক মো. হাদিস মিয়া জানান, এত দিন কষ্ট করে পেটের দায়ে বাস চালালেও এখন নিজের ও যাত্রীদের জীবনের নিরাপত্তা না থাকায় বাধ্য হয়েই বাস চলাচল বন্ধ করতে হচ্ছে। এ ব্যাপারে ময়মনসিংহ পরিবহন শ্রমিক সমিতির সভাপতি মো. আবদুস সালাম জানান, যেখানে চালকদের নিরাপত্তা নেই, সেখানে যাত্রীদের নিরাপত্তা কে দেবে। এ ভেবেই চালকেরা নিজেরাই বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করেছেন।ময়মনসিংহ পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন জানান, ‘এ রাস্তায় বাস চলাচল করে প্রতিনিয়তই দুর্ঘটনাকবলিত হয়ে আমাদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। তাই রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।’এ ব্যাপারে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া জানান, তিনি সড়কটির ব্যাপারে একাধিকবার যোগাযোগ মন্ত্রণালয়সহ অত্র এলাকার সাংসদকে বলা হলেও এ সড়কপথের দুরবস্থার অবসান হয়নি। এ দুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর দৃষ্টি প্রয়োজন বলে তিনি মনে করেন।