ঈশ্বরগঞ্জে অপহূত শিশু উদ্ধার হয়নি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর সদর থেকে অপহূত চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিশুটি গত তিন দিনেও উদ্ধার হয়নি। শিশুটির পরিবারের কাছে একটি মুঠোফোন থেকে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। অন্যথায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌরসভার আদালতপাড়ায় সপরিবারে ভাড়া বাসায় থাকেন উপজেলার রাউলের চর আলিম মাদ্রাসার ইংরেজি বিষয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে অপহূত শিশু সারোয়ার হোসেন (৯) তৃতীয়। আনোয়ার হোসেন জানান, সারোয়ার ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়ে। গত বুধবার মাদ্রাসা থেকে ফিরে খাওয়াদাওয়া শেষে বিকেল সাড়ে চারটার দিকে বাসার পাশে আদালতের পেছনের মাঠে খেলতে যায়। সেখান থেকেই নিখোঁজ হয়ে যায় সারোয়ার। সন্ধ্যার দিকে বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। আনোয়ার হোসেন বলেন, ‘হঠাৎ ওই দিন সন্ধ্যা ছয়টা ৩৮ মিনিটের দিকে গ্রামীণফোনের একটি নম্বর (০১৭৬৪৭৪০১৮৬) থেকে ফোন আসে। ফোনের ওপাশে থাকা অপরিচিত ব্যক্তি জানান, সারোয়ার তাঁর কাছে আছে। খোঁজাখুঁজির দরকার নেই। থানা-পুলিশ, র্যাব, রাজনৈতিক ব্যক্তি বা অন্য কাউকে জানালে ছেলেকে মেরে ফেলা হবে, আর লাশ পাওয়া যাবে ঈশ্বরগঞ্জ বা দেশের অন্য কোনো স্থানে। ওই নির্দেশ মেনে ১০ লাখ টাকা সংগ্রহ করতে বলা হয়।’ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ব্যাপারে শিশুটির বাবা বুধবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।