ঈশ্বরগঞ্জে আগুনে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে অগ্নিদগ্ধ হয়ে মো. ছফির উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ছফির উদ্দিন উপজেলার রাজীবপুর ইউনিয়নের ভাটির চরনওপাড়া এলাকার বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ছফির উদ্দিন গত শনিবার রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। গতকাল রোববার সকালে তাঁর অগ্নিদগ্ধ লাশ ঘরের বাইরে দেখতে পেয়ে এলাকার লোকজন থানায় খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এলাকার কয়েকজন বাসিন্দা আরও জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ৪ জুলাই ছফির উদ্দিনের ছেলে আবুল মনসুর ফকির ও তাঁর লোকজনের হামলায় প্রতিপক্ষ আবদুল হক ও তাঁর তিন ছেলে গুরুতর আহত হন। পরে আবদুল হক সেদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মনসুর ফকিরসহ ৩২ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আবদুল হকের ছেলে আকবর হোসেন। এরপর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন।
ছফির উদ্দিনের মৃত্যুর বিষয়ে বক্তব্য জানতে মনসুরের পক্ষের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তবে এলাকার অনেকের ধারণা, ছফির উদ্দিনের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা মামলা করতে পারে মনসুর ফকির।