যাচাই-বাছাই কার্যক্রমে কাগজপত্র না দেখে এবং বক্তব্য না শুনেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ২৬ জন মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। বাদপড়াদের পক্ষ থেকে আটজন মুক্তিযোদ্ধা গতকাল রোববার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আবদুল বারিক। তিনি বলেন, যাচাই-বাছাইয়ের প্রচার শুধু ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় সীমাবদ্ধ ছিল। ফলে যাঁরা গ্রামে অবস্থান করেন, তাঁদের অনেকেই যাচাই-বাছাইয়ের সঠিক তারিখ জানতে পারেননি। গত ৮ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার এ কে এম মফিদুল ইসলাম কমিটির সভাপতির কাছে ১২ জন মুক্তিযোদ্ধাকে ভুয়া উল্লেখ করে লিখিত অভিযোগ করেন। কিন্তু তিনিই আবার ১৯ ফেব্রুয়ারি লিখিত আবেদন করে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেন। প্রত্যাহারের পেছনে তিনি যুক্তি দিয়ে বলেন, তিনি তাঁর এলাকার একজন কথিত মুক্তিযোদ্ধাকে চেনেন। বাকিদের সম্পর্কে তিনি অবগত না থাকায় অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।
গতকাল রোববার মুঠোফোনে যোগাযোগ করা হলে সহকারী কমান্ডার এ কে এম মফিদুল ইসলাম ১১ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে মো. মরতুজ আলী বলেন, তাঁরা একজন বাদে সবাই ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা সংসদের তালিকাভুক্ত ভোটার। গতবার মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। এখন বিজয়ী পক্ষের কেউ কেউ তাঁদের অমুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণের চেষ্টা করছেন।
পরিতুষ চন্দ্র মিশ্র বলেন, ১৯৭৩ সালে চাকরি নেওয়ার সময় তিনি নিজেকে মুক্তিযোদ্ধা বলে ঘোষণা দিয়েছিলেন। ৩০০ টাকা হারে সরকারি ভাতা পেয়েছেন। কিন্তু যাচাই-বাছাই কার্যক্রমে তাঁর বক্তব্য না শুনেই তালিকা থেকে বাদ দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে (জামুকা) এ ঘটনা খতিয়ে দেখার আবেদন জানান উপস্থিত মুক্তিযোদ্ধারা।