ঈশ্বরগঞ্জে ইউএনওর অপসারণের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের লোকজন ও যুবলীগের স্থানীয় নেতারা সড়ক অবরোধ করেন।বেলা ১১টায় উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করা হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের আশ্বাস দেন। পরে অবরোধ তুলে নেওয়া হয়।উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল আলম বলেন, ‘গত তিন মাসেও একটি জমা খারিজ কেন বাতিল হচ্ছে না—এ সম্পর্কে গত বুধবার ইউএনওর কাছে জানতে চাইলে তিনি আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং আমাকে দালাল বলে আখ্যায়িত করেন।’ ইউএনও তাহমিনা আক্তার বলেন, ভাইস চেয়ারম্যান উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর গ্রামের মো. ইব্রাহিমের ২৪৪/৩১৮ দাগের জমা খারিজ (মিস কেস নং ৬৭৩) বাতিলের জন্য তদবির করে আসছিলেন। কাজটি দ্রুত করে না দেওয়ায় গত ২১ জুন উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী জাকির হোসেনকে ভাইস চেয়ারম্যানের লোকজন তাঁর উপস্থিতিতে মারধর করেন। জমা খারিজটি বাতিলে দেরি হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, বাদীকে জমির দলিল জমা দেওয়ার জন্য বারবার তাগিদ দেওয়া হলেও তিনি জমা দেননি।