ঈশ্বরগঞ্জে এক নারী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারী পোশাকশ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও ধর্ষণের শিকার নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিবপুর ইউনিয়নের বিলখেরুয়া গ্রামের ওই নারী ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। গত সোমবার দুপুরে তিনি কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। প্রথমে বিলখেরুয়া গ্রাম থেকে ঈশ্বরগঞ্জের উদ্দেশে তিনি প্রতিবেশী রুবেল মিয়ার (২৫) অটোরিকশায় ওঠেন। রুবেল কৌশলে ওই নারীকে নিয়ে বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরি শুরু করলে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় মাইজবাগ বাজারে রুবেল অটোরিকশা থামিয়ে প্রতিবেশী শাজাহান মিয়া, রবি মিয়া, মিজারুল ও খোকন মিয়াকে গাড়িতে তোলেন। পরে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে বাঁশাটি গ্রামের পাশে একটি পাটখেতে নিয়ে পাঁচজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন। পরে তাঁর চিৎকারে এলাকার লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই নারী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।