ঈশ্বরগঞ্জে এসিডদগ্ধ শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছে
এসিডদগ্ধ হয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী সাবিকুন্নাহার পাঁচ দিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে। এ ঘটনায় গত বুধবার ঈশ্বরগঞ্জ থানায় আজিম উদ্দিন নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা হয়েছে।গত রোববার রাত আটটার দিকে ঘটনাটি ঘটে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বেহত্তরী গ্রামে। সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (২৮) দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ঘটনায় প্রতিবাদ করলে আজিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে গত রোববার রাতে রান্নাঘরে গৃহবধূকে উদ্দেশ করে বাইরে থেকে এসিড ছুড়ে মারলে তাঁর পাশে বসে থাকা ননদ সাবিকুন্নাহারের পিঠে পড়ে। এ অবস্থায় সাবিকুন্নাহারের আর্তচিৎকারে তার মা সুফিয়া ছুটে আসেন। তিনি এসিডদগ্ধ অবস্থায় মেয়েকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলাম সাবিকুন্নাহারের অবস্থা বেগতিক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালের বার্ন ইউনিটের ১১ নম্বর ওয়ার্ডে সাবিকুন্নাহার চিকিৎসাধীন রয়েছে।এসিডদগ্ধ সাবিকুন্নাহারের বাবা মো. সিরাজ উদ্দিন জানান, তাঁর ছেলে বিদেশে যাওয়ার পর থেকেই পুত্রবধূকে আজিম উদ্দিন উত্ত্যক্ত করতেন। আজিম উদ্দিনের কারণেই তাঁর অবুঝ শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছে। তিনি এর দৃষ্টান্তমূলক বিচার চান।ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল জব্বার জানান, মামলায় অভিযুক্ত আজিম উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।