ঈশ্বরগঞ্জে কথিত পীরের মাজার গুঁড়িয়ে দিয়েছে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কথিত এক পীরের মাজার এলাকাবাসী গুঁড়িয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, ভণ্ডপীরের কবরে লালসালু টানিয়ে মাজার ব্যবসা শুরু করা হয়েছিল। তারা সেটি ভেঙে ফেলেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জয়পুর গ্রামে মাফিজ উদ্দিন (৮০) নামের এক ব্যক্তি প্রায় ২০ বছর ধরে কবিরাজি ব্যবসা করতেন। পাশাপাশি তাঁর একটি জারিগানের দল ছিল। তিনি বয়াতি হিসেবে ওই দল পরিচালনা করতেন। প্রতি রাতে তাঁর বাড়িতে গানবাজনার পাশাপাশি গাঁজার আসর বসত। গত ৩ অক্টোবর নাচ-গান করার সময় তাঁর মৃত্যু হয়। দুই সপ্তাহ আগে মৃত মাফিজ উদ্দিনের গানের দলের লোকজন তাঁর কবর লালসালুতে ঢেকে তার ওপর ঘর তোলেন। চারপাশ কাঁটাতার দিয়ে ঘিরে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। তাতে লেখা ছিল ‘শাহ মাফিজ চিশতিয়ার (র.) মাজার শরিফ’। স্থানীয় বাসিন্দা তারা মিয়া জানান, গাঁজাসক্ত ও শরিয়াহবিরোধী কাজে লিপ্ত ছিলেন বলে মাফিজ উদ্দিনের জানাজা পড়ানোর লোক পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে তাঁর ১২ বছরের এক নাতিকে দিয়ে জানাজা পড়ানো হয়। তবে মৃত মাফিজের জামাতা লাল মিয়ার (৪৮) দাবি, তাঁর শ্বশুর একজন পীর ছিলেন। একজন মুরিদ হিসেবে তিনি ওই মাজার তৈরি করেছিলেন।