ঈশ্বরগঞ্জে কৃষিশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
সুদের টাকা পরিশোধে দেরি করায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশচাতুল গ্রামে আলম মিয়া নামের এক কৃষিশ্রমিককে গত শুক্রবার বিকেলে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও আলম মিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, আলম এক বছর আগে একই গ্রামের মোহাম্মদ আলীর কাছ থেকে দুই হাজার টাকা সুদের ওপর ধার নেন। এ জন্য প্রতি মাসে তিনি ২০০ টাকা করে সুদ পরিশোধ করে আসছিলেন। শুক্রবার জুমার নামের পর মোহাম্মদ আলী আলমের বাড়ির সামনে এসে চলতি মাসের সুদসহ আসল টাকা ফেরত দিতে বলেন। আলম এ জন্য কিছুদিন সময় চান। কিন্তু মোহাম্মদ আলী তখনই টাকা ফেরত দিতে চাপ দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মোহাম্মদ আলী তাঁর হাতের টর্চলাইট দিয়ে আলমকে আঘাত করেন। এতে আলম মাটিতে লুটিয়ে পড়েন। পরে মোহাম্মদ কাঠের চেলা দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর আহত করেন। পরে আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।আলমের এক আত্মীয় গতকাল রাত নয়টার দিকে বলেন, প্রায় আধা ঘণ্টা আগে আলমের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।ঈশ্বরগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পিটিয়ে হত্যার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।