ঈশ্বরগঞ্জে খালি ড্রাম বিস্ফোরণে আহত ৩
তরল দাহ্য পদার্থের খালি ড্রাম বিস্ফোরিত হয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় তিনজন আহত হয়েছেন। উপজেলার রাজীবপুর ইউনিয়নের কাবিলবক্সি গ্রামে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, গ্রামের নজরুল ইসলামের বাড়ির সামনে লাল রঙের একটি ড্রাম পড়ে রয়েছে। বিস্ফোরণে ড্রামটির দুই পাশ (তলা ও ওপরের অংশ) নষ্ট হয়ে গেছে। ঘটনায় আহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম (৫৫), তাঁর ছেলে রমজান আলী (২২) ও আবুল কালাম (৪৫)।
নজরুলের প্রতিবেশী লিটন মিয়া (৩৫) বলেন, বেলা পৌনে একটার দিকে তিনি প্রচণ্ড শব্দ শুনে ঘটনাস্থলে এসে আহত তিনজনকে দেখতে পান। নজরুল মিস্ত্রির কাজ করেন। উপজেলার তরফপাছাইল গ্রামের মো. আবুল কালাম গতকাল দুপুরে নজরুলের কাছে একটি খালি ড্রাম নিয়ে আসেন। ড্রামটিকে পানি রাখার জন্য উপযোগী করছিলেন নজরুল। কাজ শেষে ড্রামের ছিদ্র করা অংশটি ভরাট করার সময় দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলের পাশেই রান্না করছিলেন নজরুলের মেয়ে পারভিন আক্তার। তিনি বলেন, প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। পরে দেখেন তাঁর বাবা উঠানে পড়ে আছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। তিনি দ্রুত গিয়ে বাবার শরীরের আগুন নেভান। এর কিছুক্ষণ পরই আশপাশ থেকে লোকজন এসে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে অবস্থানরত আহত রমজানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর বাবা নজরুল ইসলাম ও আবুল কালামের অবস্থা ভালো নয়। তাঁদের চেতনা ফেরেনি।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর ই কাশেম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালি ড্রামে গ্যাস জমে ছিল। আগুনের সংস্পর্শে আসামাত্রই বিস্ফোরণ হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।