ঈশ্বরগঞ্জে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাড়ি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গতকাল সোমবার এক নারীসহ চার ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল বিকেলে নান্দাইল যাওয়ার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীরা গলায় গামছা পেঁচিয়ে গাড়ির চালককে হত্যার চেষ্টা করে। ওই সময় গাড়ির ভেতরে ধস্তাধস্তির বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা গাড়ির গতি রোধ করে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: নান্দাইল উপজেলার দশালিয়া গ্রামের আলমগীর হোসেন (২২), নজরুল ইসলাম (২৬), সুমি আক্তার (২৪), আতারামপুর গ্রামের হাবিবুর রহমান (২৫)।চালক রাসেল মিয়া বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে থেকে রোগী বেশে ছিনতাইকারীরা নান্দাইল যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করে।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা ছিনতাইকারী দলের সদস্য। তাঁদের কাছ থেকে গাড়ি ছিনতাইয়ের কাজে ব্যবহূত একাধিক চাবি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় গাড়ির মালিক শাকিল আহমেদ মামলা করেছেন।