ঈশ্বরগঞ্জে গৃহবধূ অগ্নিদগ্ধ, দেবর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগিবতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে গৃহবধূ শাহিনা বেগম (৩০) শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে গত বুধবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত দেবর মজিদ মিয়াকে আটক করেছে পুলিশ।অগ্নিদগ্ধ শাহিনার স্বামী মো. আব্দুস সালাম জানান, ছোট ভাইয়ের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া মিটিয়ে তিনি পাশের বাজারে চলে যান। পরে স্ত্রী শাহিনার শরীরে আগুন লাগার কথা শুনে বাড়িতে এসে তাঁকে উদ্ধার করে অন্যদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যান। আগুন কে লাগিয়েছে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আগে রোগী ভালো হোক, পরে বলা যাবে।’অভিযুক্ত দেবর মজিদ মিয়া ভাবির সঙ্গে ঝগড়া হওয়ার ঘটনা স্বীকার করে জানান, তিনি ভাবির শরীরে আগুন দেননি। শাহিনাই রেগে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।