ঈশ্বরগঞ্জে গ্রেপ্তার নয়জন রিমান্ড শেষে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রচারপত্র বিলির অভিযোগে গ্রেপ্তার হওয়া নয়জনকে রিমান্ড শেষে গত শুক্র ও গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা শেষে পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত
ব্যক্তিরা আইএসের সদস্য নয়। তবে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত।
২ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজার ও ঈশ্বরগঞ্জ পৌর শহর থেকে আইএসের সমর্থনে ‘মধ্যপ্রাচ্যের ডাক’ শিরোনামে প্রচারপত্র বিলি করার সময় স্কুলছাত্র মোহাম্মদ ফাহিম আল ফয়সাল ইবনে মূসা বিন যুলকার নাইনকে আটক করে পুলিশ। সে উপজেলার আঠারোবাড়ি এমসি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও আটজনকে আটক করা হয়। ৩ অক্টোবর রাতে আটককৃত নয়জনের নামে ঈশ্বরগঞ্জ থানায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম।
৪ অক্টোবর ফাহিম আল ফয়সালসহ তিনজনকে ময়মনসিংহ বিচারিক আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ৫ অক্টোবর বাকি ছয়জনকে একই আদালতে
হাজির করা হলে তাদেরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। প্রথম তিনজনকে রিমান্ড শেষে শুক্রবার কারাগারে পাঠানো হয়। বাকি ছয়জনকে গতকাল কারাগারে পাঠানো হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা আইএসের সদস্য নয়। তবে শিবিরের সঙ্গে যুক্ত।