ঈশ্বরগঞ্জে ঘুষ ও দুর্নীতির প্রতিবাদে আইনজীবীদের আদালত বর্জন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আদালতের কর্মচারীদের ঘুষ, দুর্নীতি বন্ধ এবং তাঁদের প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার আইনজীবীরা আদালত বর্জন করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের আইনজীবী নজরুল ইসলামের সহকারী অনিল দেবনাথ একটি মামলার সই মহরি নকল উঠাতে হিসাবরক্ষক সিরাজুল ইসলামের কাছে যান। এ সময় সিরাজুল ১২০০ টাকা ঘুষ দাবি করেন। এ নিয়ে অনিল ও সিরাজুলের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁকে উদ্দেশ করে হিসাবরক্ষক সিরাজুল বলেন, টাকা কমাতে হলে জজ সাহেবের অনুমতি লাগবে। তা না হলে ছয় মাস পর নকল নিতে হবে। ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন জায়েদী প্রথম আলোকে জানান, এ ঘটনায় অনিল তাৎক্ষণিকভাবে আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ দেন। দুপুরে সমিতির এক জরুরি সভায় হিসাবরক্ষক সিরাজুলসহ নান্দাইল আদালতের নাজির ময়েজ উদ্দিন, জারিকারক হাবিবুর রহমান ও গৌরীপুর আদালতের কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রত্যাহারের দাবিতে আদালত বর্জন করা হয়। তবে হিসাবরক্ষক সিরাজুল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।