ঈশ্বরগঞ্জে ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার বিকেলে আকস্মিক এক ঘূর্ণিঝড়ে তিনটি ইউনিয়নের ১১টি গ্রামের তিন শতাধিক কাঁচা-পাকা ঘর বিধ্বস্ত হয়। এ সময় জাটিয়া গ্রামের মো. শেখ চানের স্ত্রী আমেনা বেগম (৫৫) নিজ ঘরের নিচে চাপা পড়ে নিহত হন। এ ছাড়া বিভিন্ন গ্রামে পুরুষ, মহিলা, শিশুসহ আরও ২০ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে ।ওই দিন বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওই ঘূর্ণিঝড়ে আঠারবাড়ী ইউনিয়নের বিষ্ণপুর, কালান্দর ও পাড়াখালবলা, জাটিয়া ইউনিয়নের জাটিয়া চরপাড়া, সাগুলি, মাকড়ঝাপ ও কুমারুলী এবং সরিষা ইউনিয়নের মারুয়াখালি, খুর্শিপাড়া, মাছিমপুর ও এনায়েতপুর গ্রামের প্রায় তিন শতাধিক কাঁচা ঘর-বাড়িসহ ফলদ ও বনজ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ঘর ও গাছের নিচে চাপা পড়ে যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন তাঁরা হলেন, কালান্দর গ্রামের রতন (৩৫), সোহাগ (৭); খুর্শিপাড়া গ্রামের ফয়সাল (১১) ও রাসেল (৬), সাইফুল (৩২), সিরাজুল (৬০), দুলাল (২৫), হাফেজ নুরুল্লাহ (৫৫), হাবিবুল্লাহ (৪৫), জমসেদ আলী (৩২), শরাফ উদ্দিন (৪২), আমেনা খাতুন (৪৫) ও জরিনা (২৫)। তাঁদের সবাইকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, অনেক মানুষ ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছে।