ঈশ্বরগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, অভিযোগ পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চিকিৎসকের অবহেলায় মো. হোসেন আলী (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। তাঁর বাড়ি উপজেলার জয়পুর গ্রামে।হোসেন আলীর ছোট ভাই মো. খোরশেদ আলী (৫৮) জানান, গত বুধবার বিকেলে তাঁর ভাই হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে তাঁকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে কোনো চিকিৎসক না পেয়ে তিনি ভাইকে নিয়ে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) আবদুর রশিদের বাসায় নিয়ে যান। আবদুর রশীদ রোগীকে হাসপাতালে ভর্তি না করে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের বাইরে শিখা ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেন। সেখানেই তিনি মারা যান।এ ব্যাপারে আরএমও আবদুর রশিদ বলেন, রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনেই তাঁকে বাইরে পাঠানো হয়েছে। ময়মনসিংহের সিভিল সার্জন আমজাদ হোসেন বলেন, রোগীকে হাসপাতালে ভর্তি না করে অন্যায় করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।