ঈশ্বরগঞ্জে চোর সন্দেহে নির্যাতনের ঘটনায় মামলা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে ব্যবসায়ী আবুল হাসেমের বাড়িতে চুরির অপবাদ দিয়ে মা-ছেলেসহ পাঁচজনকে অমানসিক নির্যাতনের ঘটনায় চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার খায়রুন বেগমের স্বামী রহমত আলী বাদী হয়ে গতকাল শুক্রবার মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন আবুল হাসেম, শামছু ভুইয়া, রাসেল ভুইয়া ও বাবুল ভুইয়া। তবে আসামিরা পলাতক রয়েছেন।পুলিশ ও নির্যাতিত ব্যক্তিরা জানান, ব্যবসায়ী আবুল হাসেমের বাড়িতে সোমবার রাতে চুরি হয়। চোর সন্দেহে প্রতিবেশী খায়রুন বেগম ও তাঁর ছেলে সুমন মিয়া, রুকন মিয়া, জুয়েল মিয়া, রুবেল মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে মঙ্গলবার দিনভর অমানসিক নির্যাতন চালানো হয়। পরে চুরির বিষয়ে স্বীকারোক্তি আদায়ে ব্যর্থ হয়ে বুধবার তাঁদের পুলিশে দেওয়া হয়। বর্তমানে ওই পাঁচজন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।এ ব্যাপারে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘চোর সন্দেহে মা-ছেলেসহ পাঁচজনকে নির্যাতন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।