ঈশ্বরগঞ্জে জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। গুরুতর আহত এক গৃহবধূকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের হাদিস মিয়া অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী লোকমান, মানিক, লিটন ও রিমন তাঁর জমিতে জোরপূর্বক হালচাষ করতে গেলে তিনি বাধা দেন। এ সময় লোকমানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে হাদিস মিয়া (৪৫), তাঁর স্ত্রী রেবেকা (৩০), ভাই দুলাল (৪০) ও মেয়ে ঝিনুক (২১) আহত হন। গুরুতর আহত রেবেকাকে বৃহস্পতিবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেছেন হাদিস মিয়া।সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকরাম হোসেন বলেন, লোকমান ও হাদিস মিয়া চাচাতো ভাই। জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে মামলা চলছে। বেশ কয়েকবার সালিস করেও বিরোধ মীমাংসা করা সম্ভব হয়নি।