ঈশ্বরগঞ্জে ডাকাতির ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মর্তুজ আলী ও তাঁর ছেলে আলমগীর হোসেনকে ডাকাতির ঘটনায় গত বুধবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে সড়কপথে লুণ্ঠিত মুরগির খাদ্য উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ জানায়, গত বুধবার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রহমতগঞ্জ এলাকায় ভালুকা থেকে নান্দাইলগামী মুরগির খাদ্য বহনকারী ট্রাকের গতিরোধ করে মালামাল লুট করে নেয় কয়েক ব্যক্তি। এ ব্যাপারে মুরগির খাদ্য আমদানিকারক আঠারবাড়ি রায়ের বাজারের ব্যবসায়ী আদাহাম আলী আজহার বুধবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। খবর পেয়ে পুলিশ মামলার আসামি ইউপি সদস্য মর্তুজ আলীর বাড়ি মাইজবাগ ইউনিয়নের কুমুরিয়ারচর থেকে নয় বস্তা মুরগির খাদ্য উদ্ধার করে এবং মর্তুজ আলী ও তাঁর ছেলে আলমগীরকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে ঈশ্বরগঞ্জ থানার ওসি আহত হন। তাঁকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ওসি কামরুল ইসলাম জানান, মর্তুজ আলী এলাকার শীর্ষস্থানীয় সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে।