ঈশ্বরগঞ্জে ডিবি পুলিশের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য উদ্ধারের নামে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গত মঙ্গলবার রাতে রূপলাল চৌহান নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় রূপলাল চৌহানসহ তাঁর পরিবারের আট সদস্য আহত হয়। এ ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সোহাগী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রূপলাল চৌহান অভিযোগ করেন, মঙ্গলবার রাত ১১টার দিকে ময়মনসিংহের ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ছয় পুলিশ ও এলাকার একদল সন্ত্রাসী নিয়ে মাদকদ্রব্য উদ্ধারের কথা বলে দরজা ভেঙে তাঁর ঘরে প্রবেশ করেন। এ সময় তাঁর স্ত্রী ফুলকুমারী চৌহান বাধা দিলে পুলিশ সদস্যরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাঁরা রূপলালের ভাই হরিলাল চৌহানকে হাতকড়া পরিয়ে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করেন। রূপলাল চৌহান জানান, ডিবি পুলিশের সহায়তায় সন্ত্রাসীরা তাঁর ঘর থেকে চার ভরি স্বর্ণাংকার, নগদ ৫০ হাজার টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। ডিবি পুলিশের মারধরে স্ত্রী ফুলকুমারী (৫০), ভাই হরিলাল (৬০), ছেলে লিটন (২৪), ভাগ্নে রিপন (২৫), তানিয়া (২১), তরুন্তী (৫০), মধু চৌহানসহ তিনি আহত হন। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়ির সদস্যরা ডাকাত বলে চিত্কার করে। স্থানীয় লোকজন এসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল চান মিয়াকে আটক করে পিটুনি দেয়। পালিয়ে যায় ডিবির অন্য সদস্য কনস্টেবল আলিম, সিরাজ, হাসান, স্টার ভৌমিক ও সহযোগী সন্ত্রাসীরা।খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা ডিবি পুলিশের ওই দুই সদস্যকে পুলিশে সোপর্দ করে। তবে রাতেই থানা থেকে ছেড়ে দেওয়া হয় তাঁদের। ঈশ্বরগঞ্জ থানার ওসি জানান, রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ডিবি পুলিশের দুই সদস্যকে ছেড়ে দেওয়া হয়েছে। ময়মনসিংহে ডিবির ওসি জিয়াউর রহমান দাবি করেন, ডিবি পুলিশের সদস্যরা ডাকাতি করতে যাননি। মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়েছিলেন। তার পরও তাঁরা যদি মাদক উদ্ধারের নামে হামলা ও লুটপাট চালিয়ে থাকে তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুব্রত কুমার হালদার জানান, পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে পেশ করার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।