ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির দায়িত্ব পাওয়া ডিলারদের সতর্ক করে দিয়েছে প্রশাসন। গতকাল রোববার সভা করে তাঁদের সতর্ক করা হয়।
অন্যদিকে, অনিয়মের অভিযোগে বাতিল হওয়া নান্দাইলের সেই ২৪ ডিলারের নিয়োগপ্রক্রিয়া নিয়ে গত শনিবার তদন্ত হয়েছে। জেলা খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা নান্দাইলে এসে তদন্ত করে গেছেন।
দুটি উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রথম দুই দিন ঠিকমতো চললেও ১১ অক্টোবর মগটুলা ও রাজীবপুর ইউনিয়নের একাধিক ডিলারের দোকানে চাল পাওয়া যায়নি। মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারের ডিলার মো. শাহজাহান কবীর বলেন, তিনি তাঁর বরাদ্দের অর্ধেক চাল উত্তোলন করেছেন। তাই অর্ধেক কার্ডধারী চাল কিনতে পেরেছেন। বাকি চাল উত্তোলনের পর অন্য কার্ডধারীরা নিতে পারবেন। একই দিনে রাজীবপুর ইউনিয়নের সাহাগঞ্জ বাজারের ডিলার আবদুল মালেক ওরফে বাদল মেম্বারের দোকানে গিয়ে চাল পাওয়া যায়নি। নাজিম উদ্দিন ফকির নামের এক ক্রেতা বলেন, তিনি কার্ড নিয়ে এসে চাল কিনতে পারেননি। আবদুল মালেক বলেন, ‘নিয়ম অনুযায়ী চাল বিক্রি করেছি। শেষ হয়ে গেলে কী করব?’
এদিকে গত শনিবার রাত প্রায় নয়টার দিকে চালভর্তি একটি পাওয়ার টিলার ঈশ্বরগঞ্জ শহরের পাটবাজার এলাকার সারোয়ার নামের এক ব্যবসায়ীর ঘরের সামনে থামে। সেখান থেকে ২০ বস্তা চাল ওই ব্যবসায়ীর দোকানে ঢোকানোর সময় বাজারের লোকজন চালের বস্তা আটক করে প্রশাসনকে খবর দেন। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় বাজারের লোকজন ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে শনিবার রাতে মুঠোফোনে ঈশ্বরগঞ্জ ইউএনও রাজীব কুমার সরকার বলেন, তিনি ঘটনাটি খতিয়ে দেখার জন্য পুলিশ ও খাদ্য বিভাগকে বলেছেন। এ ঘটনার পর খাদ্য বিভাগ সক্রিয় হয়ে ওঠে।
সব ধরনের অনিয়ম দূর করার জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ইউএফসি) মো. আলাউদ্দিন গতকাল ডিলারদের নিয়ে সভা করেন। এ বিষয়ে আলাউদ্দিন বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে যাতে কোনো অনিয়ম না হয়, সে জন্য সব ডিলারকে ডেকে এনে সতর্ক করে দেওয়া হয়েছে।
চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ ওঠায় ৬ অক্টোবর নান্দাইলের ২৪ ডিলারের অনুমোদন বাতিল করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে ১০ অক্টোবর প্রথম আলোয় ‘খাদ্যবান্ধব কর্মসূচি, নান্দাইলের ২৪ ডিলারই বাদ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। সেই ২৪ জন ডিলার নিয়োগে কী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, তা নিয়ে গত শনিবার তদন্ত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পালনকারী ঈশ্বরগঞ্জের কর্মকর্তা আলাউদ্দিন তদন্তের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাননি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নান্দাইলে নতুন করে ডিলার নিয়োগ ও হতদরিদ্রদের তালিকা প্রণয়নের কাজ চলছে। এসব কাজ শেষ হলে এখানে এই কর্মসূচি চালু করা হবে।