ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, ঘরে অগ্নিসংযোগ, আহত ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২৪ জন আহত হয়েছেন৷ এ ছাড়া এক পক্ষ অপর পক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে৷ গতকাল মঙ্গলবার উপজেলার খালবলা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই পক্ষের দুজনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, খালবলা বাজারের ১৬ শতক জমি নিয়ে আবদুর রশিদ ও আবুল কাশেমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে৷ বর্তমানে ওই জমি রশিদের দখলে রয়েছে৷ গতকাল সকালে আবুল কাশেমের নেতৃত্বে একদল লোক রশিদের বাড়িতে হামলা চালিয়ে সামনের কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেন এবং ভাঙচুর করেন৷ এ সময় বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ এতে আবদুর রশিদ, আবদুল হাই, নাসিমা, সুইটি, আবুল কাশেম, আবদুল আউয়াল, তোতা মিয়াসহ ২৪ জন আহত হন।
তবে আবদুর রশিদের ভাই কালামের স্ত্রী খালেদা আক্তার অভিযোগ করেন, গতকাল সকালে আবুল কাশেমের নেতৃত্বে একদল লোক তাঁদের বাড়িঘরে হামলা চালান৷ এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের পক্ষের ১৬ জনকে আহত করা হয়।
এ ব্যাপারে কথা বলার জন্য কাশেমের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী মঞ্জুয়ারা বেগম দাবি করেন, ওই জমি ২৫ বছর ধরে তাঁদের দখলে ছিল। এ নিয়ে আদালতে মামলা হলে জমিতে ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল রশিদের লোকজন ১৪৪ ধারা ভেঙে তাঁদের লোকজনের ওপর হামলা চালান। এ হামলায় তাঁদের আটজন আহত হন।
ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ফারুকুজ্জামান বলেন, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও জমিটি দখলে নেওয়ার চেষ্টা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে নয়ন চন্দ্র সেন ও আক্তার হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে।