ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নারায়ণপুর মদিনাতুল নূরানি হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে নয়জন আহত হয়েছে। নিহতের নাম ফজলুল হক (৬০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একই এলাকার মো. আ. মজিদ ও মো. মফিজ উদ্দিনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ফজলুল হক, সবুজ মিয়া, শামছুল হকসহ ১০ জন আহত হন। তাঁদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গভীর রাতে ফজলুল হক মারা যান। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, এ ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হাবিবুর রহমান ফকির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।