ঈশ্বরগঞ্জে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে ঈশ্বরগঞ্জের ফানুর গ্রাম থেকে মেহেদি হাসান (২৫) ও তামীম মুন্সি (২২) নামের ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মেয়েটি জানায়, তার বাড়ি ভালুকা উপজেলায়। সে উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করে। একই কারখানায় চাকরির সুবাদে তার সঙ্গে মেহেদি হাসানের পরিচয় হয়। একপর্যায়ে মেহেদির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার বেড়ানোর কথা বলে মেহেদি ও তাঁর বন্ধু তামীম মুন্সি তাকে ঈশ্বরগঞ্জের ফানুর গ্রামে অপর বন্ধু কাইয়ুমের বাড়িতে নিয়ে যান।এলাকাবাসী জানান, মেহেদি বিবাহিত হওয়ায় তিনি কাইয়ুমের বাড়িতে মেয়েটিকে তামীমের স্ত্রী হিসেবে পরিচয় দেন। সেদিন কাইয়ুম বাড়িতে না থাকলেও তাঁর পরিবার ওই তিনজনকে বাড়িতে থাকতে দেয়। মেয়েটি বলে, ওই রাতেই মেহেদি ও তামীম তার ওপর পাশবিক নির্যাতন চালান। পরদিন সে বিষয়টি ওই বাড়ির লোকজনকে জানায়। এ অবস্থায় বাড়ির লোকজন মেয়েটিকে বিয়ে করতে তামীমকে চাপ দিলে তিনি রাজি হন। মেয়েটি ও স্থানীয় লোকজন জানায়, বুধবার রাতেও মেহেদি ও তামীম আবার মেয়েটিকে ধর্ষণ করেন। পরদিন বৃহস্পতিবার এলাকার ছয় বখাটে বিষয়টি জানতে পেরে রাতের বেলায় মেহেদি ও তামীমকে বেঁধে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু বাড়ির লোকজনের বাধার মুখে তারা এতে ব্যর্থ হয়ে ওই তিনজনের টাকাপয়সা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে রাতেই ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা মেহেদি ও তামীম এবং মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।মাসুদ রানা জানান, মেয়েটি মেহেদি ও তামীমের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।