ঈশ্বরগঞ্জে পরীক্ষার ভেন্যুর দাবিতে সড়ক অবরোধ
এসএসসি পরীক্ষার ভেন্যু স্থাপনের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি মহিম চন্দ্র উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গত সোমবার দুপুরে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
সরেজমিনে দেখা যায়, শতাধিক পরীক্ষার্থীসহ উচ্চবিদ্যালয়টির হাজারো শিক্ষার্থী ব্যানার হাতে নানা স্লোগান দিচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে তারা। এ সময় সড়টিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বেলা সাড়ে তিনটার দিকে রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে।
কয়েকজন পরীক্ষার্থী প্রথম আলোকে জানায়, তাদের বিদ্যালয় থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। প্রতিদিন এই শীতের মধ্যে এত দূরত্ব অতিক্রম করে সদরে গিয়ে পরীক্ষা দেওয়া কষ্টকর হবে। এ জন্য তারা পরীক্ষাকেন্দ্র কিংবা ভেন্যুর (পরীক্ষাকেন্দ্রে আসন সংকুলান না হলে আশপাশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আসনের ব্যবস্থা করা) এই দাবি জানাচ্ছে।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সফিকুল আলম বলেন, ‘এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপনের জন্য গত বছরের ১৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। মন্ত্রণালয় আমাদের প্রতি সদয়ও ছিল। কিন্তু শেষ মুহূর্তে একটি মহলের চক্রান্তে সবকিছু বানচাল হয়ে যায়।’
এমসি উচ্চবিদ্যালয়ের সভাপতি আমীন ইউ এইচ সিদ্দিকী বলেন, পরীক্ষা শুরুর বাকি আর মাত্র পাঁচ দিন। এই অল্প সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্র স্থাপন করতে না পারলেও উপজেলা প্রশাসন আঠারবাড়ি ডিগ্রি কলেজে ভেন্যু স্থাপনের অনুমতি দিয়ে প্রায় ৪০০ পরীক্ষার্থীর সমস্যার সমাধান করতে পারে।
জানতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার বলেন, জেলা পর্যায়ে সভা করে ভেন্যু স্থাপনের বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এখন আর নতুন করে তাঁর পক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলায় ভেন্যু স্থাপনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের সড়ক অবরোধের বিষয়টি তিনি জেলা প্রশাসককে জানিয়েছেন।