ঈশ্বরগঞ্জে পাটচাষিদের মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। কিন্তু পাটের দাম কম হওয়ায় চাষিদের উৎপাদন-খরচও উঠছে না। ফলে এখানে পাটচাষিদের মুখে হাসি নেই।পাটের দাম দিন দিন কমে যাওয়ায় চাষিরা পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। যাঁরা স্বল্প পরিসরে চাষ করেছেন, তাঁরাও উৎপাদন-খরচ ওঠাতে না পেরে দিশাহারা হয়ে পড়েছেন।উপজেলার জয়পুর গ্রামের পাটচাষি আবদুল খালেক (৫৬) প্রথম আলোকে জানান, তিনি ১০ শতাংশ জমিতে পাট চাষ করেন। জমিতে চাষ, সার, আগাছা পরিষ্কার ও পাট কাটায় তাঁর খরচ হয় এক হাজার ৯৫০ টাকা। ওই জমিতে উৎপাদন করা পাট বাজারে বিক্রি করে পেয়েছেন এক হাজার ৬৫০ টাকা।চরহোসেনপুর গ্রামের চাষি আবদুল মোতালেব (৫০) জানান, দুই বছর আগে এক মণ পাটের দাম ছিল দেড় হাজার থেকে দুই হাজার টাকা। গত বছর প্রতি মণ পাট বিক্রি হয় ৮০০ থেকে ৯০০ টাকায়। কিন্তু বর্তমানে পাটের দাম আরও কমে গেছে। এখন প্রতি মণ পাট বিক্রি করতে হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। তিনি আরও জানান, এ বছর তিনি এক একর জমিতে পাট চাষ করেন। উৎপাদন খরচ ওঠেনি। লোকসান দিতে হয়েছে। তাই আগামী বছর থেকে পাটের পরিবর্তে অন্য ফসল আবাদের সিদ্ধান্ত নিয়েছেন।পাটের দাম কমে যাওয়ার কারণ সম্পর্কে ঈশ্বরগঞ্জ পাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল খালেক সওদাগর প্রথম আলোকে জানান, সনাতন পদ্ধতিতে পাট চাষ ও সংগ্রহ করা হয় বলে এলাকায় উৎপাদিত পাটের মান ভালো নয়। কর্তৃপক্ষ উৎকৃষ্ট পাট কিনতে আগ্রহী। এ কারণে এখানে পাটের দাম কম। তিনি আরও জানান, উপজেলায় বাংলাদেশ জুট মিল, গুল আহমেদ জুট মিল ও হাফিজ জুট মিলের ক্রয়কেন্দ্র রয়েছে। কিন্তু এসব পাটকলের জন্য বাইরে থেকে উন্নতমানের পাট কেনা হচ্ছে।ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মাজেদ প্রথম আলোকে জানান, এ বছর উপজেলায় এক হাজার ৬৪৯ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল, চাষ হয়েছে দুই হাজার ২৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হলেও চাষিরা কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন।