ঈশ্বরগঞ্জে পুরোনো সেতু ধসে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাখুয়া গ্রামের প্রায় ৪৫ বছরের পুরোনো সেতুর দুটি অংশ ভেঙে গেছে। বেরিয়ে পড়েছে রড। সেতুটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ভারী যান। আশঙ্কা করা হচ্ছে, যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়তে পারে। ঘটতে পরে বড় ধরনের দুর্ঘটনা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার উচাখিলা, রাজীবপুর, তারুন্দিয়া ইউনিয়নের বিস্তৃত চর এলাকা সবজি ভান্ডার হিসেবে খ্যাত। এই অঞ্চলে উৎপাদিত শত শত মণ ধান, পাট, গম, আলু, বাদাম, শিম, শসা, বেগুন, মুলা, লাউ, কুমড়া, পটোল, টমেটো, তরমুজ, পেঁয়াজ, মরিচ, হলুদ, আদা, ডালজাতীয় শস্যসহ অন্য মৌসুমি ফসল বিক্রির জন্য ওই সেতুর ওপর দিয়ে উপজেলা সদরে নেওয়া হয়।এ ছাড়া ঢাকা, ভৈরব, নরসিংদী ও ময়মনসিংহ থেকে অনেক ব্যবসায়ী এসব এলাকা থেকে পণ্য কিনে ওই সেতুর ওপর দিয়ে নিয়ে যান।সাখুয়া মাঝের চর গ্রামের চাষি মো. আবদুল খালেক (৫৬) প্রথম আলোকে বলেন, এই ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়েই প্রতিদিন চলছে খেলার আলগির চর, কাজির ভায়রা চর, নাওভাঙ্গার চর, কাশিয়ার চর, ভাংনামারি চরের পণ্যবাহী অনেক ভারী যানবাহন। নাওভাঙ্গার চর গ্রামের চাষি মো. দুলাল মিয়া (৫২) বলেন, ঈশ্বরগঞ্জ সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে সাখুয়া আনন্দগঞ্জ বাজার থেকে বয়ড়ার বাজার পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কে এটিই একমাত্র সেতু। পণ্যবাহী যান তো বটেই বয়ড়ার বাজারের কাছে ব্রহ্মপুত্র নদ থেকে উত্তোলন করা বালু ট্রাকে ভরে ওই সেতুর ওপর দিয়ে পৌর সদরে নেওয়া হয়। এতে সেতুটির এই হাল হয়েছে। ট্রাকচালক নবী হোসেন (৪৫) বলেন, সেতুর ভাঙা অংশে কলাগাছ দেওয়া হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হন তিনি।উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, সাখুয়া গ্রামের খালের ওপর ১৮ ফুট দীর্ঘ এই সেতুটি ১৯৬৭ সালে নির্মাণ করা হয়। সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারী যানবাহন চলাচল করায় সেতুটির এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।উপজেলা চেয়ারম্যান সৌম্যেন্দ্র কিশোর চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সেতুটি সংস্কার করা হয়নি। যেকোনো মুহূর্তে এটি ধসে পড়ে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কার মধ্যেই সাখুয়া প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থীসহ আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন সদরসহ বিভিন্ন গন্তব্যে যায়।