ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল শনিবার সকালে নিজ বসতঘরে তিনি ধর্ষণের শিকার হন। মেয়েটির পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার এক ভিখারিনীর প্রতিবন্ধী মেয়েকে (১৮) ঘরে একা পেয়ে ধর্ষণ করেন পাশের বাড়ির বখাটে লিটন মিয়া (২২)। মেয়েটির মা জানান, তিনি গতকাল সকালে ভিক্ষা করতে বেরিয়ে যান। কিছু দূর যাওয়ার পর হঠাৎ অসুস্থতা বোধ করলে তিনি বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে ঘরের দরজা খুলতেই লিটনকে আপত্তিকর অবস্থায়তায় দেখে চিৎকার দিয়ে জাপটে ধরেন। আশপাশের লোকজন আসার আগেই লিটন ধস্তাধস্তি করে পালিয়ে যান। ঘটনাটি তিনি (মেয়ের মা) এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানান। তাঁরা ঘটনা ধামাচাপা দিতে জোর চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মগটুলা ইউপি চেয়ারম্যান আবদুল মন্নাছ ফকির বলেন, ধামাচাপা দিতে নয়, বরং সামাজিকভাবে সুষ্ঠু বিচারের চেষ্টা করা হচ্ছিল। এ ব্যাপারে লিটনের বাড়িতে গেলে তাঁর মা আছিয়া বেগম জানান, লিটন বাড়িতে নেই। লিটন অপকর্ম করে থাকলে তাঁর বিচার হওয়া উচিত। ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান জানান, এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।