ঈশ্বরগঞ্জে বখাটেকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত সেই বখাটের (২৭) বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে। এদিকে ওই বখাটেকে শিগগির গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার সকালে উপজেলার সাকুয়া বাজারে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে ওই ছাত্রীর উচ্চবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বখাটেকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দশম শ্রেণির ওই ছাত্রী পাশের গ্রাম থেকে প্রাইভেট পড়ে গত মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নিজ বাড়ি ফিরছিল। একা পেয়ে ওই বখাটে তাকে টেনে-হিঁচড়ে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমীন বলেন, মঙ্গলবার রাতেই ওই ছাত্রীর এক চাচা বাদী হয়ে বখাটের বিরুদ্ধে মামলা করেছেন। বখাটেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।