ঈশ্বরগঞ্জে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টানা ২৭ ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করে ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনতা। এ সময় বিক্ষুব্ধরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিদ্যুৎব্যবস্থার দ্রুত উন্নতির আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।         

জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ঈশ্বরগঞ্জে প্রায় সাড়ে ছয় হাজার গ্রাহকের মধ্যে বিদ্যুৎ বিতরণ করে। সেচের মৌসুম থেকে শুরু করে তিন মাস ধরে বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে নষ্ট হয়েছে বোরো ধান।

দিনে দিনে এ উপজেলায় বিদ্যুৎ পরিস্থিতি খারাপ হতে শুরু করে। হালকা বাতাস হলেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ব্যাহত হচ্ছে চলমান উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পরীক্ষার্থীদের প্রস্তুতি।

গত রোববার রাত পৌনে ১০টার দিকে ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে ঈশ্বরগঞ্জ উপজেলা। প্রায় ২৭ ঘণ্টা পর সোমবার রাত একটার দিকে বিদ্যুৎব্যবস্থা সচল হয়। গতকাল সকাল থেকে ফের বিদ্যুৎ আসা-যাওয়া করতে থাকে। এ অবস্থায় সাধারণ ব্যবসায়ী, শিক্ষার্থী ও জনতা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল আসার টের পেয়ে থানা রোডে বিদ্যুৎ কার্যালয়ে তালা দিয়ে কর্মচারীরা সরে পড়েন। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে উপজেলা পরিষদ ঘেরাও করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা বিদ্যুতের দাবিতে স্লোগান দিয়ে মহাসড়কে বসে ও শুয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অবরোধে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।    

বিক্ষুব্ধ আবুল হাসেম নামের এক চাষি জানান, লো-ভোল্টেজ ও  বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অনেক সেচপাম্প পুড়ে গেছে।

ফটোস্ট্যাটের দোকানি মো. আবদুল জব্বার জানান, লো-ভোল্টেজের কারণে তাঁর প্রতিষ্ঠানের দুই লাখ টাকা মূল্যের দুটি ফটোস্ট্যাট মেশিন বিকল হয়ে গেছে। অবিলম্বে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না করলে পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না  

ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী ও ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে থাকা মো. শাহরিয়ার আলম জানান, ঈশ্বরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ নিয়ন্ত্রিত হয় গৌরীপুরের মাধ্যমে। গৌরীপুরে একটি ৩৩/১১ কেভি ক্ষমতাসম্পন্ন সাব-স্টেশনের কাজ চলছে এবং ঈশ্বরগঞ্জেও একটি সাব-স্টেশন নির্মাণের প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান, রোববার রাতে বয়ে যাওয়া ঝড়ে ঈশ্বরগঞ্জে বিভিন্ন স্থানে লাইনের সমস্যা হওয়ায় বিদ্যুৎ বন্ধ রাখতে হয়।