ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে বালু তোলা বন্ধের দাবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নদীভাঙনকবলিত মরিচারচর এলাকা থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই দাবিতে গতকাল রোববার তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে মরিচারচর এলাকায় কয়েক হাজার পরিবারের বসতভিটা ও কয়েক শ হেক্টর ফসলি জমি বিলীন হয়ে গেছে। শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বেশ কিছুদিন ধরে নদের এ এলাকা থেকে বালু তুলে নিয়ে যাচ্ছেন। এ কারণে এই এলাকার উত্তর মরিচারচর, নামাপাড়া, কাশিয়ারচর, বড়ইকান্দি, চর ঈশ্বরদিয়া, গাঙিনাপাড়, বটতলা বালুঘাট, কুটেরচর ও লাটিয়ামারি উজান চরনওপাড়া, ভাটি চরনওপাড়া, যাদুয়ারচর এলাকায় ভাঙন বেড়ে গেছে।
মরিচারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের নোমান চৌধুরী বলেন, ‘গৌরীপুর থেকে ৭০-৮০টি ট্রলার নিয়ে একদল লোক আমার বাড়ির পাশে এসে অবৈধভাবে বালু তুলে নিয়ে যাচ্ছে। বালু তোলায় আমার গ্রামের মসজিদসহ শতাধিক বাড়ি ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে।’
ইউএনও তাহমিনা আক্তার জানান, এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি থানার ওসি এবং উচাখিলা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।