ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙন শতাধিক ঘরবাড়ি বিলীন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নে ব্র্রহ্মপুত্র নদের ভাঙন অব্যাহত রয়েছে। কয়েক দিনের ব্যবধানে উচাখিলার মরিচার চর, নামাপাড়া ও মলামারী এলাকায় শতাধিক ঘড়বাড়ি নদের গর্ভে চলে গেছে। উজান থেকে নেমে আসা ঢলে এসব এলাকার রোপা আমন ও রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।মরিচার চর গ্রামের শহর আলী (৬৫) গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমার পৈতৃক বসতভিটা ও ফসলি জমি নদের গর্ভে বিলীন হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। আমার মতো অনেকেই সবকিছু হারিয়ে মানবেতর জীবন যাপন করছে।’ তিনি আরও জানান, আগে স্বাভাবিক গতিতে ভাঙলেও পাহাড়ি ঢলের তোড়ে ভাঙনের মাত্রা বেড়ে গেছে। মলামারী গ্রামের গিয়াস উদ্দিন (৫২) জানান, কয়েক বছর ধরে অব্যাহত ভাঙনে ব্রহ্মপুত্রের তীরবর্তী এলাকায় অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে কাশিয়ার চর, বড়ইকান্দি, চর ঈশ্বরদিয়া থেকে শুরু করে বটতলা বালুঘাট, কুটের চর, লাটিয়ামারী, উজান চরনওপাড়া, ভাটি চরনওপাড়া ও যাদুয়ার চর এলাকার গ্রামগুলো।মরিচার চর গ্রামের মুক্তিযোদ্ধা নোমান চৌধুরী বলেন, গত বছর এক কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৬৩৮ মিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু এতে নিম্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়। এ কারণে বাঁধটি ভেঙে গেছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মাজেদ জানান, ওই দুই ইউনিয়নে ৪৫ হেক্টর জমির রোপা আমন, ১০ হেক্টর জমির শিম, পাঁচ হেক্টর জমির মাসকলাই ও বেগুনের ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ ভাঙনের মাত্রা বেড়ে যাওয়ায় ১ অক্টোবর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারসহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রমুখ।ইউএনও তাহমিনা আক্তার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে। অবিলম্বে উপজেলা ও জেলা পর্যায় থেকে সাহায্য দেওয়া হবে।