ঈশ্বরগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আসন্ন ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া পাচারকালে আট বস্তা চালসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার উপজেলার সরিষা ও জাটিয়া ইউনিয়নে দুস্থ-অসহায় লোকজনের মধ্যে ভিজিএফের চাল বিতরণের সময় ওজনে কম দেওয়া হয়। তা ছাড়া যে চাল দেওয়া হয়, তা-ও ছিল খাবার অনুপযোগী। তালিকাভুক্ত অনেক কার্ডধারী চাল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন।জাটিয়া ইউনিয়নের আবদুর রউফ নামের এক কার্ডধারী অভিযোগ করে বলেন, তাঁদেরকে বরাদ্দের চাল না দিয়ে বাড়ি ফেরার কথা বলা হয়। তাঁরা কয়েকজন এর কারণ জানতে চান। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য চান মিয়া তাঁদের মারধর করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ইফতারের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউপি চেয়ারম্যান বিক্ষুব্ধ লোকজনকে ঠেকাতে তড়িঘড়ি চালের পরিবর্তে নামকাওয়াস্তে নগদ টাকা বিতরণ করে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালান। কার্ডধারী হাবিবুর রহমান, মোতালেব ও আবু তালেব বলেন, চেয়ারম্যান ১০ কেজি চালের পরিবর্তে যে টাকা দিয়েছেন, তা দিয়ে চার কেজিও কেনা সম্ভব না।এদিকে সরিষা ইউনিয়নে ওই দিন রাত আটটার দিকে চাল পাচার করার সময় সোহাগীর মহেশপুরে জনতা আট বস্তা চালসহ নছিমনচালক সুমন মিয়াকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করে। জাটিয়া ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমানের সঙ্গে তাঁর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। সরিষা ইউপির চেয়ারম্যান মো. শাহাজাহান ভূঁইয়া বরাদ্দ করা চাল খাওয়ার অযোগ্য হওয়ার কথা স্বীকার করেছেন।ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, আটক চাল থানায় রাখা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।